দিল্লির বিলাসবহুল হোটেলে প্রাক্তন এয়ার ইন্ডিয়া ক্যাপ্টেনের রহস্যমৃত্যু! ভাইয়ের ফোনের পরেই মিলল নিথর দেহ

দিল্লির একটি বিলাসবহুল হোটেলে রহস্যজনক পরিস্থিতিতে মৃত্যু হয়েছে এয়ার ইন্ডিয়ার এক প্রাক্তন ক্যাপ্টেনের। দক্ষিণ দিল্লির বসন্ত কুঞ্জ উত্তর থানা এলাকার ‘দ্য গ্র্যান্ড’ হোটেল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এই আকস্মিক ও রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই প্রাক্তন ক্যাপ্টেন গত ১০ সেপ্টেম্বর হোটেলটিতে চেক-ইন করেছিলেন। এরপর ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় তাঁর ভাইয়ের সন্দেহ হয়। বারবার ফোন করেও দাদার কোনো সাড়া না পেয়ে তিনি সরাসরি হোটেল ম্যানেজারকে ফোন করে খোঁজ নিতে বলেন। ভাইয়ের অনুরোধে ম্যানেজারের দায়িত্বে থাকা কর্মীরা ওই ব্যক্তির ঘরের সামনে যান এবং দেখেন দরজা ভেতর থেকে সম্পূর্ণ তালাবদ্ধ। বহুবার ডাকাডাকি করেও কোনো সাড়া না মেলায় শেষ পর্যন্ত মাস্টার চাবি দিয়ে রুমের দরজা খোলা হয়।
ঘরের ভেতরে প্রবেশ করতেই বিছানায় প্রাক্তন ক্যাপ্টেনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সঙ্গে সঙ্গে থানায় খবর দেওয়া হয়। দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার গুরুত্ব বুঝে ফরেন্সিক ও ক্রাইম ইনভেস্টিগেশন টিমকেও ডেকে পাঠানো হয়।
গত ১২ সেপ্টেম্বর সফদরজং হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট এবং চিকিৎসকদের মতামত হাতে আসার পরেই মৃত্যুর আসল কারণ নিশ্চিত করা যাবে। বর্তমানে হোটেলের রেজিস্ট্রি খাতা, চেক-ইন সংক্রান্ত নথিপত্র এবং অন্যান্য দিক পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছে বসন্ত কুঞ্জ উত্তর থানার পুলিশ। এটি কোনো অপরাধমূলক ঘটনা নাকি অন্য কোনো কারণে মৃত্যু, তা তদন্তের পরেই জানা যাবে।