মেঘালয়, ত্রিপুরা বা মণিপুর নয়! জানেন কি ব্রিটিশ ও নাগা সংঘাতের ইতিহাস পেরিয়ে ভারতের কোন রাজ্যটি হয়েছিল উত্তর-পূর্বের প্রথম রাজ্য?

ভারতের উত্তর-পূর্বাঞ্চল মানেই সবুজ পাহাড়, বৈচিত্র্যময় সংস্কৃতি আর সাতটি বোনের রাজ্য বা ‘সেভেন সিস্টার্স’। কিন্তু অনেকেই হয়তো জানেন না, এই অঞ্চলের মধ্যে কোন রাজ্যটি সবার আগে আত্মপ্রকাশ করেছিল। মেঘালয়, ত্রিপুরা, মণিপুর কিংবা অরুণাচল প্রদেশ নয়, ভারতের উত্তর-পূর্ব ভারতের প্রথম পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা অর্জন করেছিল নাগাল্যান্ড। আর এই রাজ্যের জন্ম ইতিহাস জড়িয়ে রয়েছে ভারতের অন্যতম দীর্ঘ ও জটিল রাজনৈতিক সংগ্রামের সঙ্গে।

দেশ স্বাধীনের ঠিক একদিন আগে, অর্থাৎ ১৯৪৭ সালের ১৪ আগস্ট অঙ্গজামী জাপু ফিজোর নেতৃত্বে নাগা ন্যাশনাল কাউন্সিল নাগাল্যান্ডকে একটি স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করার চেষ্টা চালিয়েছিল। এই ধাক্কা এবং দীর্ঘ সশস্ত্র সংগ্রামের পর পরিস্থিতি সামাল দিতে আসরে নামে কেন্দ্র। ১৯৫৭ সালে নাগা পাহাড় অঞ্চলকে অসম থেকে আলাদা করে সরাসরি কেন্দ্রের অধীনে আনা হয়। এরপর ১৯৬০ সালে নাগা নেতাদের সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ঐতিহাসিক ১৬-দফা চুক্তি স্বাক্ষরিত হয়। যার ভিত্তিতে ১৯৬২ সালে সংসদ ‘নাগাল্যান্ড রাজ্য আইন’ পাস করে।

অবশেষে ১৯৬৩ সালের ১ ডিসেম্বর এই আইন কার্যকর হয় এবং নাগাল্যান্ড ভারতের ১৬তম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। কোহিমার বুকে তৎকালীন রাষ্ট্রপতি ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণ আনুষ্ঠানিকভাবে এই নতুন রাজ্যের উদ্বোধন করেন। নাগা উপজাতিদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে সঙ্গে নিয়ে পথ চলা শুরু করা এই রাজ্যেই রচিত হয়েছিল উত্তর-পূর্ব ভারতের রাজনৈতিক ইতিহাসের প্রথম সোনালী অধ্যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *