নন্দীগ্রামে বিজেপির মাস্টারস্ট্রোক? প্রয়াত চন্দ্রনাথের মায়ের মুখে প্রার্থী হওয়ার বিস্ফোরক বার্তা!

হাইভোল্টেজ নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। বিধানসভা নির্বাচনের ফলাফলের ঠিক পরেই আততায়ীদের গুলিতে নিহত হন বিরোধী দলনেতা তথা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দীর্ঘদিনের আপ্তসহায়ক ও ছায়াসঙ্গী চন্দ্রনাথ রথ। এবার সেই প্রয়াত নেতার মা, হাসিরানী রথের মুখেই নন্দীগ্রাম আসনে বিজেপির প্রার্থী হওয়ার জল্পনা জোরালো হলো।
সংবাদমাধ্যমকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে হাসিরানী দেবী স্পষ্ট জানিয়েছেন, দল এবং মুখ্যমন্ত্রী তথা নেতৃত্ব যদি তাঁর কাঁধে এই দায়িত্ব অর্পণ করে, তবে তিনি তা সানন্দে গ্রহণ করতে প্রস্তুত। তিনি বলেন, “আমিও শুনছি আমার নাম নিয়ে আলোচনা হচ্ছে। বিজেপি একটি সুশৃঙ্খল দল, এখানে সংগঠনের নির্দেশই শেষ কথা। দল ও শুভেন্দু বাবু যদি চান, তবে আমি নন্দীগ্রামের উপনির্বাচনে লড়তে এবং দায়িত্ব পালন করতে রাজি আছি।”
রাজনৈতিক মহলের একাংশের মতে, চন্দ্রনাথ রথের আকস্মিক মৃত্যুর পর তাঁর পরিবারকে যেভাবে অধিকারী পরিবার পাশে পেয়েছে, তাতে হাসিরানী দেবীকে প্রার্থী করলে নন্দীগ্রামের স্থানীয় মানুষের আবেগ ও সহানুভূতিকে পুরোপুরি কাজে লাগানো সম্ভব হবে। যদিও নির্বাচন কমিশন উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলেও এখনও পর্যন্ত কোনো রাজনৈতিক দলই তাদের প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। তবে পদ্ম শিবিরের সম্ভাব্য প্রার্থী হিসেবে হাসিরানী দেবীর এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে।