দমকলের নোটিশে ধাক্কা! ক্যামাক স্ট্রিটের হাইপ্রোফাইল অফিস খালি করার নির্দেশে বড় স্থগিতাদেশ

ক্যামাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস খালি করা নিয়ে দমকল বিভাগের দেওয়া নোটিশের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাও দমকল কর্তৃপক্ষকে গত ৪ সেপ্টেম্বর পাঠানো চিঠিটি কার্যকর করা থেকে বিরত থাকার স্পষ্ট নির্দেশ দিয়েছেন। এই নির্দেশের ফলে আপাতত বড় রকমের স্বস্তি পেল শাসক দল।
আইনি লড়াই ও পটভূমি: আদালতে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, ৯ নম্বর ক্যামাক স্ট্রিটের ভবনটির ষষ্ঠ ও সপ্তম তলা লিজ নিয়েছিল তারা। ২৫ আগস্ট লিজ চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও, এই বিষয়ে দেওয়ানি আদালতে মামলা দায়ের হওয়ায় আদালত পূর্বে ‘স্থিতাবস্থা’ (status quo) বজায় রাখার নির্দেশ দিয়েছিল। পরবর্তীতে দমকল বিভাগ ওই ভবনে পরিদর্শন চালিয়ে ছাদে অবৈধ কাঠামো এবং সপ্তম তলায় বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার দেখতে পায় এবং অগ্নি-নিরাপত্তা ব্যবস্থার ত্রুটির কারণ দেখিয়ে অফিস খালি করার নির্দেশ দেয়।
অন্যদিকে, বাড়ির মালিক রমা দেবী গোয়েঙ্কার আইনজীবী এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সওয়াল করলেও সমস্ত পক্ষের বক্তব্য শুনে বিচারপতি কৃষ্ণা রাও দমকলের নোটিশের উপর স্থগিতাদেশ দেন। আগামী ১৬ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে, সেদিনই এই বিষয়ে চূড়ান্ত রায় ঘোষণা করতে পারেন বিচারপতি। উল্লেখ্য, এর আগে গত আগস্ট মাস থেকেই ক্যামাক স্ট্রিটের এই কার্যালয় ও বিলবোর্ড অপসারণ কেন্দ্র করে পুলিশি সংঘাত এবং আইনি জটিলতা তৈরি হয়েছিল, যা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল পেকেছে।