কোটাকে বড় ধাক্কা! ৩১ বছরের সম্পর্ক ছিন্ন করে হঠাৎ পদত্যাগ করলেন গ্রুপ প্রেসিডেন্ট মনীশ কোঠারি!

কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কে (Kotak Mahindra Bank) বড় ধরনের রদবদল। ব্যাঙ্কের গ্রুপ প্রেসিডেন্ট এবং কমার্শিয়াল ব্যাঙ্কের প্রধান মনীশ কোঠারি (Manish Kothari) পদত্যাগ করেছেন। আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর কার্যদিবস শেষ হওয়ার পরই তাঁর এই পদত্যাগ কার্যকর হবে বলে ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে। স্টক এক্সচেঞ্জকে পাঠানো এক নিয়ন্ত্রক ফাইলিংয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাঁর পদত্যাগপত্র পাওয়ার কথা স্বীকার করেছে এবং দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়াও শুরু হয়েছে।
দীর্ঘ ৩ দশকের সম্পর্কের ইতি
কোটাক গ্রুপের সঙ্গে মনীশ কোঠারির যাত্রা প্রায় ৩১ বছরের। ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও অশোক ভাসওয়ানির কাছে পাঠানো পদত্যাগপত্রে তিনি জানিয়েছেন যে, কোটাকের গণ্ডি পেরিয়ে এবার তিনি পেশাগত জীবনের নতুন কোনো পথে হাঁটতে চান। এমনকি ভবিষ্যতে নিজের একটি নতুন উদ্যোগ বা এপ্রেনিওরশিপ শুরু করার কথাও ভাবছেন তিনি। গত কয়েক মাস আগেই তিনি শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা আলোচনা করেছিলেন এবং মসৃণভাবে দায়িত্ব হস্তান্তরের জন্য পুরো টিমকে সহযোগিতা করেছেন।
নেতৃত্বে পরিবর্তনের বড় পালাবদল
মনীশ কোঠারি গত ১৫ বছরেরও বেশি সময় ধরে কোটাকের মূল নেতৃত্বদানকারী দলের অন্যতম অঙ্গ ছিলেন। ২০২২ সাল থেকে তিনি কমার্শিয়াল ব্যাঙ্কিংয়ের প্রধান হিসেবে কৃষি অর্থায়ন, গ্রামীণ অর্থায়ন, লজিস্টিকস এবং পরিকাঠামো অর্থায়ন, মাইক্রোক্রেডিট ও গোল্ড লোন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যবসা সফলভাবে পরিচালনা করে আসছেন।
উল্লেখ্য, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কে এই মুহূর্তে শীর্ষ নেতৃত্বের বড় ধরনের পরিবর্তন চলছে। বর্তমান সিইও অশোক ভাসওয়ানি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর তাঁর বর্তমান মেয়াদ শেষ হওয়ার পর তিনি আর পুনর্নিয়োগের আবেদন করবেন না। এরমধ্যেই মনীশ কোঠারির এই প্রস্থান ব্যাঙ্কিং মহলে বিশেষ তাৎপর্য বহন করছে। কোটাক গ্রুপের গড়া সমস্ত সফলতার স্মৃতি বুকে নিয়েই তিনি পরবর্তী কেরিয়ারের দিকে এগোচ্ছেন বলে জানিয়েছেন।