বয়সের নিয়ম উড়িয়ে প্রবীণ নাগরিককে ভুল বুঝিয়ে পলিসি বিক্রি! বীমা সংস্থার বিরুদ্ধে বিরাট পদক্ষেপ রেগুলেটরের

বয়স তখন ৮৮ বছর। এই বয়সে প্রবীণ এক নাগরিককে নিয়মবহির্ভূতভাবে ভুল বুঝিয়ে ডেফার্ড অ্যানুইটি পলিসি বিক্রি করার অভিযোগে ক্যানারা এইচএসবিসি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে (Canara HSBC Life Insurance) ১ কোটি টাকার বিরাট জরিমানা করল ভারতের বীমা নিয়ন্ত্রক সংস্থা আইআরডিএআই (IRDAI)। সংস্থার কর্পোরেট এজেন্ট ক্যানারা ব্যাঙ্কের মাধ্যমে এই পলিসি বিক্রি করা হয়েছিল, যার বার্ষিক প্রিমিয়াম ছিল ২ লক্ষ টাকা এবং তা চার বছর ধরে দেওয়ার কথা ছিল। এই ঘটনায় বীমা সংস্থার অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও বিক্রয় প্রক্রিয়ার বড়সড় ত্রুটি প্রকাশ্যে এসেছে।
কীভাবে ফাঁস হল এই ঘটনা? সোশ্যাল মিডিয়ায় এক প্রবীণ নাগরিকের কাছে এই পলিসি বিক্রির বিষয়টি সামনে আসার পরই স্বতঃপ্রণোদিত হয়ে নড়েচড়ে বসে আইআরডিএআই। তদন্তে নেমে বীমা নিয়ন্ত্রক দেখতে পায়, সংস্থার অনুমোদিত নিয়ম অনুযায়ী এই পলিসির ক্ষেত্রে গ্রাহকের বয়স ৩০ থেকে ৮০ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক। অথচ ৮৮ বছর বয়সের এক বৃদ্ধকে এই পলিসি ধরিয়ে দেওয়া হয়েছিল। এমনকি, গ্রাহকের আর্থিক পরিস্থিতি এবং তাঁর বয়সের কথা বিবেচনা করে এই প্রডাক্টটি আদৌ তাঁর উপযোগী কি না, তা যাচাই করার কোনো ন্যূনতম প্রচেষ্টাও করেনি বীমা সংস্থা।
তদন্তে আর কী কী অনিয়ম ধরা পড়ল?
-
ভুল তথ্য ও যাচাইয়ে ত্রুটি: পলিসি বিক্রির সময় ভেরিফিকেশন কল, প্রপোজাল ফর্ম এবং মূল বৈশিষ্ট্য প্রকাশে মারাত্মক ঘাটতি ছিল। বেনিফিট ইলাস্ট্রেশনে পলিসিধারকের কোনো যাচাইযোগ্য স্বীকৃতি ছিল না।
-
নথি না দেওয়া: বিক্রির সময় গ্রাহককে কোনো কাস্টমার ইনফরমেশন শিট (CIS) বা প্রপোজাল ফর্ম দেওয়া হয়নি।
-
নিয়ম ভেঙে প্রিমিয়াম সংগ্রহ: পলিসি ইস্যু করার আগেই প্রিমিয়ামের টাকা তুলে নেওয়া হয়েছিল। এছাড়া প্রিমিয়াম দেওয়ার সময় প্রপোজার বা পলিসিধারকের মৃত্যু হলে তার পরিণতি কী হতে পারে, তা গ্রাহককে স্পষ্টভাবে বোঝানো হয়নি।
এদিকে, এই ঘটনার পাশাপাশি বীমা ক্ষেত্রে স্বচ্ছতা বাড়াতে এবং তথ্যগত ফাঁকফোকর দূর করতে ‘পাবলিক ইন্স্যুরেন্স রেজিস্ট্রি’ (PIR) নামের একটি ডিজিটাল পাবলিক পরিকাঠামো তৈরির প্রস্তাব দিয়েছে আইআরডিএআই। বিশেষজ্ঞদের মতে, এই নতুন ব্যবস্থা চালু হলে বাজারে প্রতিযোগিতা বাড়ার পাশাপাশি গ্রাহকদের অভিজ্ঞতাও আরও উন্নত হবে।