মোটা অঙ্কের ট্যাক্স নোটিশের ধাক্কা! HDFC লাইফ ইনস্যুরেন্সের ঘাড়ে চেপে বসল ৩,৩৬৫ কোটির বিশাল বোঝা

আর্থিক এবং বীমা জগতে এক বিরাট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জিএসটি (GST) ফাঁকি এবং বকেয়া কর সংক্রান্ত মামলায় তীব্র আইনি ধাক্কা খেল দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বীমা সংস্থা— এইচডিএফসি লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড (HDFC Life Insurance)। কমিশনার (অ্যাপেলস-III), সিজিএসটি এবং সেন্ট্রাল এক্সাইজ, মুম্বইয়ের তরফে সম্প্রতি এই আপিল আদেশ জারি করা হয়েছে, যেখানে সুদ ও জরিমানা সহ মোট ৩,৩৬৫ কোটি টাকার বিপুল ট্যাক্স ডিমান্ড বহাল রাখা হয়েছে।

পুরো বিষয়টি ঠিক কী? নিয়ন্ত্রক সংস্থার জমা দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৭ সালের ১ জুলাই থেকে ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ের জন্য এই বিপুল পরিমাণ করের দাবি তুলেছে কর্তৃপক্ষ। এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে পালঘর কমিশনারেটের অ্যাডিশনাল কমিশনার একটি প্রাথমিক নির্দেশিকা জারি করেছিলেন। সেই সময় ৯৪২.১৮ কোটি টাকার কর চাহিদা এবং ২,৪২২.৯৭ কোটি টাকার পেনাল্টির নির্দেশ দেওয়া হয়েছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর সম্প্রতি প্রকাশিত আপিল আদেশে সেই পুরো ট্যাক্স ডিমান্ড এবং পেনাল্টি বহাল রাখা হয়েছে।

সংস্থার প্রতিক্রিয়া ও শেয়ার বাজার পরিস্থিতি: সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে এই আদেশের ফলে তাদের দৈনন্দিন আর্থিক কার্যক্রমে কোনো বড় ধরনের প্রতিকূল প্রভাব পড়বে না। তবে এই রায়ের বিরুদ্ধে জিএসটি আপিল ট্রাইব্যুনালে (GST Appellate Tribunal) পুনরায় আপিল করার প্রস্তুতি নিচ্ছে এইচডিএফসি লাইফ। এই বড় ধাক্কার পরেও অবশ্য গত শুক্রবার স্টক এক্সচেঞ্জে সামান্য ইতিবাচক ধরেই শেষ হয়েছে এই সংস্থার শেয়ারের লেনদেন। বিএসই (BSE)-তে সংস্থার শেয়ার ০.৯৫ শতাংশ বা ৫ টাকা বেড়ে ৫৩০ টাকার ঘরে বন্ধ হয়েছে। তবে এত বড় অঙ্কের ট্যাক্স ও পেনাল্টির বোঝা মাথায় আসায় ওয়াকিবহাল মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *