সিপিএমের সভাস্থলে ঢাক পিটিয়ে ‘জয় শ্রীরাম’ স্লোগান! দুর্গাপুরে বাম-ডান সংঘর্ষে চরম উত্তেজনা

একদিকে লাল পতাকা হাতে ‘ইনক্লাব জিন্দাবাদ’ স্লোগান, আর অন্যদিকে ঢাকের বাদ্যসুরের সঙ্গে চড়া আওয়াজে ‘জয় শ্রীরাম’ ধ্বনি— দুই পক্ষের মুখোমুখি স্লোগান-পাল্টা স্লোগানে শুক্রবার তীব্র উত্তেজনার সৃষ্টি হল শিল্পাঞ্চল দুর্গাপুরের সিটি সেন্টারে। আসানসোল-দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ (আড্ডা)-এর কার্যালয়ের সামনে সিপিএমের একটি সমাবেশকে কেন্দ্র করে এই ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। সভাস্থলে উপস্থিত ছিলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ এবং মীনাক্ষী মুখোপাধ্যায়।

কী নিয়ে বাঁধে গণ্ডগোল? সিপিএমের সমাবেশ চলাকালীন ঠিক তার বিপরীতে এসে উপস্থিত হন বিশ্ব হিন্দু রক্ষা বাহিনীর সদস্য ও সমর্থকরা। সিপিএমের সভার বিরুদ্ধে হিন্দু সংস্কৃতিতে আঘাত হানার ও বদনাম ছড়ানোর অভিযোগ তুলে প্রতিবাদ জানাতে শুরু করেন তাঁরা। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দড়ির ব্যারিকেড দিয়ে দুই পক্ষকে আলাদা করার চেষ্টা করে। যদিও পুলিশি তৎপরতার পরেও স্লোগান ও বিক্ষোভ থামেনি, এবং বাম নেতাদের সঙ্গে পুলিশের তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।

শতরূপ ঘোষ ও হিন্দু রক্ষা বাহিনীর লড়াই: পরিস্থিতি সামাল দিতে গিয়ে বিজেপি ও বিরোধী শিবিরের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান সিপিএম নেতা শতরূপ ঘোষ। তিনি কটাক্ষ করে বলেন, “আমাদের জনসভায় ঢাক বাজবে, ফুল-চন্দন ছোড়া হবে। সব হবে। আর শুভেন্দুর জনসভায় ক’দিন পরে শ্মশানের শান্তি নেমে আসবে, সেখানে শেয়াল ডাকবে!” অন্যদিকে, বিশ্ব হিন্দু রক্ষা বাহিনীর নেত্রী শুভ্রা প্রসাদ সাহা স্পষ্ট জানিয়েছেন যে, সিপিএম যেভাবে হিন্দু সংস্কৃতিতে আঘাত হানার চেষ্টা করছে, তার বিরুদ্ধেই এই প্রতিবাদ জারি থাকবে। দুর্গাপুরের এই রাজনৈতিক ও ধর্মীয় সংঘাতে দিনভর চরম চাঞ্চল্য ছড়িয়েছে পুরো এলাকায়।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *