রাজনীতি ছাড়লেই তবে ফিরবে দলে! ভাইপো আকাশকে দলে ফেরাতে কোন শর্ত দিলেন মায়াবতী?

বহুজন সমাজ পার্টিতে (BSP) পারিবারিক টানাপোড়েন এবং রাজনৈতিক সমীকরণ নিয়ে জল্পনার মধ্যেই ভাইপো আকাশ আনন্দকে দলে ফেরানো নিয়ে বড়সড় শর্ত দিলেন দলের সুপ্রিমো মায়াবতী। সমাজমাধ্যমে একটি দীর্ঘ পোস্টে মায়াবতী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদি আকাশ আনন্দের শ্বশুর তথা প্রাক্তন রাজ্যসভার সাংসদ অশোক সিদ্ধার্থ চিরতরে রাজনীতি থেকে সন্ন্যাস নেন, একমাত্র তবেই ভাইপো আকাশকে তাঁর পুরনো রাজনৈতিক দায়িত্ব ফিরিয়ে দেওয়ার বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবে দল।

গত ২ অগাস্ট দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং ব্যক্তিগত স্বার্থসিদ্ধির গুরুতর অভিযোগে ভাইপো আকাশের শ্বশুর অশোক সিদ্ধার্থকে বিএসপি থেকে বহিষ্কার করেছিলেন মায়াবতী। এরপর গত ৩ সেপ্টেম্বর আকাশ আনন্দকেও সর্বভারতীয় কো-অর্ডিনেটরের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে বিএসপি-তে তিনি একজন সাধারণ কর্মী হিসেবে রয়েছেন। মায়াবতীর অভিযোগ, বারবার সুযোগ দেওয়া সত্ত্বেও অশোক সিদ্ধার্থ দলের আদর্শের চেয়ে ব্যক্তিগত ও পারিবারিক স্বার্থকে বেশি গুরুত্ব দিয়েছেন। আর তাঁর এই ভুলের জন্যই খেসারত দিতে হচ্ছে আকাশ আনন্দকে।

আসন্ন উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড এবং পঞ্জাব বিধানসভা ভোটের কথা মাথায় রেখেই দল গোছাতে শুরু করেছে বিএসপি। মায়াবতী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, নিজের উচ্চাকাঙ্খা ত্যাগ করে অশোক সিদ্ধার্থ যদি রাজনীতি থেকে সরে দাঁড়ান, তবেই আকাশ আনন্দ সম্পূর্ণ মুক্ত মনে দলের কাজ করতে পারবেন। শাশ্বত এই রাজনৈতিক শর্ত পূরণের পরই আকাশকে ফের সক্রিয় রাজনীতিতে ফিরিয়ে নেওয়ার রাস্তা খুলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *