কর্পোরেট দুনিয়ায় আরও বেশি নারীর নেতৃত্ব কেন জরুরি? দেশের সমস্ত ব্যবসায়ীদের বড়সড় আহ্বান মুকেশ আম্বানির!

বর্তমান বিশ্বে বুদ্ধিমত্তা বা আইকিউ (Intelligence Quotient)-এর তুলনায় আবেগীয় বুদ্ধিমত্তা বা ইকিউ (Emotional Quotient)-এর গুরুত্ব অনেক বেশি। বোম্বে স্টক এক্সচেঞ্জে স্টেট ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারপার্সন তথা রিলায়েন্সের বোর্ড সদস্য অরুন্ধতী ভট্টাচার্যের আত্মজীবনী ‘ইন্ডমিটেবল: এ ওয়ার্কিং ওমেন্স নোটস অন ওয়ার্ক, লাইফ অ্যান্ড লিডারশিপ’-এর হিন্দি সংস্করণের প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিয়ে ঠিক এই কথাই জোরালোভাবে তুলে ধরলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি। একই সঙ্গে কর্পোরেট ভারতে কর্মরতা নারী ও মায়েদের সহায়তার জন্য একটি শক্তিশালী ইকোসিস্টেম গড়ে তোলার ওপর বিশেষ জোর দিয়েছেন তিনি।
কর্মক্ষেত্রে নারী শক্তির জয়গান ও ইকিউ-র গুরুত্ব
অরুন্ধতী ভট্টাচার্যের প্রশংসায় পঞ্চমুখ হয়ে মুকেশ আম্বানি জানান যে, তাঁর জীবনের এই লড়াই এবং সাফল্যের গল্প দেশের প্রতিটি কোণায় তরুণ প্রজন্মকে দারুণভাবে অনুপ্রাণিত করবে। ২০১৮ সাল থেকে রিলায়েন্সের বোর্ডের সদস্য হিসেবে অরুন্ধতী ভট্টাচার্য যেভাবে সংস্থাকে বিভিন্ন কঠিন পরিস্থিতিতে সঠিক দিশা দেখিয়েছেন এবং বৈচিত্র্যকে উৎসাহিত করেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। বর্তমানে রিলায়েন্সের উচ্চপদগুলিতে বহু নারী নেতৃত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব সামলাচ্ছেন বলে তিনি গর্ব প্রকাশ করেন।
আলোচনা প্রসঙ্গে আম্বানি মন্তব্য করেন যে, যেকোনো জটিল পরিস্থিতি বা দরকষাকষির ক্ষেত্রে নারীরা এক অনন্য ইকিউ বা সহমর্মিতার পরিচয় দেন। তাঁর দ্ব্যর্থহীন ঘোষণা—“আমাদের বিশ্বের এখন বুদ্ধিমত্তার চেয়ে আবেগের ভাগ বা ইকিউ বেশি প্রয়োজন, অর্থাৎ নেতৃত্বমূলক পদে আরও বেশি সংখ্যক নারীর উপস্থিতি আবশ্যক।”
কর্পোরেট জগতের প্রতি বড় আহ্বান
অনুষ্ঠান থেকেই দেশের সমস্ত শীর্ষ ব্যবসায়ীদের উদ্দেশে এক যৌথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান রিলায়েন্স প্রধান। কর্মরতা মহিলা ও মায়েদের কাজের পরিবেশ আরও সুগম করতে এবং হাজার হাজার অদম্য নারীকে দেশের ‘বিকাশিত ভারত’ গড়ার কারিগর হিসেবে গড়ে তুলতে সমস্ত কর্পোরেট সংস্থাকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন তিনি।