‘দাদু, আপনি ব্রাহ্মণের নামে কলঙ্ক,’-চরম ট্রোলের মুখে প্রবীণ অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী

বাংলা বিনোদন জগতের পরিচিত মুখ তথা বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী সম্প্রতি একটি সাক্ষাৎকারে গোমাংস খাওয়ার ইচ্ছা প্রকাশ করে তীব্র বিতর্কের মুখে পড়েছেন। কাজের সূত্রে সম্প্রতি বাংলাদেশের একটি অনুষ্ঠানে যোগ দিতে ওপার বাংলায় গিয়েছিলেন তিনি। সেখানে একটি সাক্ষাৎকারে প্রিয় খাবার প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, দুপুরের খাবারের পাশাপাশি রাতে গরুর মাংস খাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। সেই সঙ্গে পদ্মার ইলিশ এবং গরম ভাতের সঙ্গে ইলিশ ভাজা ও ইলিশের তেল দিয়ে খাওয়ার ইচ্ছের কথাও প্রকাশ করেন তিনি। কিন্তু তাঁর এই গোমাংস খাওয়ার মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং ঝড়ের বেগতিতে শুরু হয় বিতর্ক।
নেটদুনিয়ায় চরম ট্রোল ও মিশ্র প্রতিক্রিয়া
ভাইরাল হওয়া ওই ভিডিও ক্লিপিং সামনে আসার পরেই নেটপাড়ার একাংশ অভিনেতার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান হয়ে প্রকাশ্যে গোমাংস খাওয়ার কথা বলায় অনেকেই তাঁর ধর্মীয় পরিচয় ও সংস্কার নিয়ে প্রশ্ন তোলেন। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে নানা ধরনের কটাক্ষ ও আক্রমণাত্মক মন্তব্য করা হয়। কেউ কেউ অভিযোগ করেন, বাংলাদেশ সফরে গিয়ে এই ধরণের মন্তব্য করে তিনি ধর্মীয় ভাবাবেগকে আঘাত করেছেন।
তবে সমালোচনার পাশাপাশি অভিনেতার পাশেও দাঁড়িয়েছেন অনেকে। নেটপাড়ার একটি বড় অংশের মতে, কে কী খাবে বা কোন খাবার পছন্দ করবে, সেটি একান্তই তাঁর ব্যক্তিগত স্বাধীনতা। অন্য কারোর এই বিষয়ে নাক গলানোর অধিকার নেই।
আইনি পদক্ষেপের পথে অভিনেতা
গত ৪ সেপ্টেম্বর বাংলাদেশে গিয়ে অনুষ্ঠান সেরে ৫ সেপ্টেম্বরই ভারতে ফিরে আসেন অভিনেতা। তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে শোরগোল শুরু হয়েছে, তা তাঁর নজর এড়ায়নি। ট্রোলের তীব্রতা বাড়ায় তিনি আর এই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে বেশি মুখ খুলতে চাননি। তবে এই ঘটনায় আইনি পদক্ষেপের পথ বেছে নিয়েছেন বর্ষীয়ান অভিনেতা এবং ইতিমধ্যে একটি মামলাও দায়ের করেছেন। এর আগে ওপার বাংলার রান্না নিয়ে ইউটিউব সিরিজে গোমাংস রান্নার পদ্ধতি দেখিয়ে অনুরূপ বিতর্কে জড়িয়েছিলেন সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়ও।