সচিন তেন্ডুলকরের প্রথম ওডিআই সেঞ্চুরির ৩২ বছর, কীভাবে বদলে গিয়েছিল কেরিয়ার?

ক্রিকেটের ইতিহাসে এমন কিছু মুহূর্ত থাকে যা কেবল পরিসংখ্যান দিয়ে মাপা যায় না। কোটি কোটি ভারতীয় ক্রিকেটপ্রেমীর কাছে সচিন তেন্ডুলকরের প্রথম ওডিআই সেঞ্চুরি তেমনই এক অবিস্মরণীয় মুহূর্ত। ঠিক ৩২ বছর আগের আজকের দিনটিতে, অর্থাৎ ৯ সেপ্টেম্বর ১৯৯৪ সালে, আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে নিজের প্রথম শতরানটি হাঁকিয়েছিলেন মাস্টার ব্লাস্টার। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ঐতিহাসিক ১১০ রানের ইনিংসটিই ভারতীয় ক্রিকেটের মোড় ঘুরিয়ে দিয়েছিল।
পাঁচ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান
আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে অভিষেকের দীর্ঘ প্রায় পাঁচ বছর পর প্রথম সেঞ্চুরির মুখ দেখেছিলেন সচিন। কলম্বোর এই ম্যাচের আগে তিনি মোট ৭৮টি ওডিআই ম্যাচ খেলে ফেলেছিলেন। প্রথম ৭৫টি ইনিংসে তাঁর মোট রান ছিল ২১২৬, ব্যাটিং গড় ছিল ৩২.৭০ এবং স্ট্রাইক রেট ছিল ৭৮.২৮। এর মধ্যে ১৭ বার পঞ্চাশের গণ্ডি পার করলেও কোনোবারই সেঞ্চুরি পর্যন্ত পৌঁছাতে পারেননি তিনি। অবশেষে ১৯৯৪ সালের ৯ সেপ্টেম্বর গ্লেন ম্যাকগ্রা, ক্রেগ ম্যাকডারমট এবং শেন ওয়ার্নের মতো কিংবদন্তি বোলারদের আক্রমণ সামলে ১৩০ বলে ১১০ রানের দুর্দান্ত ইনিংস খেলে সেই খরা কাটিয়েছিলেন মাত্র ২১ বছরের তরুণ সচিন। তাঁর ওই ইনিংসে সাজানো ছিল আটটি চার ও দুটি ছক্কা। ম্যাচটিতে শেষ পর্যন্ত ৩১ রানে জয় পেয়েছিল ভারত।
সেঞ্চুরির পরেই বদলে গেল সমস্ত পরিসংখ্যান
#OnThisDay in 1994 – Batting great @sachin_rt scored his first ODI hundred. Relive the magic – DD SPORTS#Legend #SRT pic.twitter.com/hgvSm42yKK
— BCCI (@BCCI) September 9, 2019
প্রথম শতরানের আগে ও পরের পারফরম্যান্সের তুলনাই বলে দেয় এই ইনিংসটি সচিনের ক কতটা গুরুত্বপূর্ণ ছিল। সেঞ্চুরির আগের ৭৫ ইনিংসে গড় ছিল ৩২.৭০, আর পরের ৩৭৬ ইনিংসে তিনি করেন আরও ১৬,১৯০ রান, যেখানে তাঁর ব্যাটিং গড় লাফিয়ে বেড়ে দাঁড়ায় ৪৬.৯৩। অর্থাৎ তাঁর ব্যাটিং গড় প্রায় সাড়ে তেত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। প্রথম ৭৫ ইনিংসে একটিও শতরান না থাকলেও, কলম্বোর ওই ইনিংসের পর থেকে তিনি কেরিয়ারে আরও ৪৮টি ওডিআই সেঞ্চুরি করেন। পরিসংখ্যান বলছে, এরপর থেকে গড়ে প্রতি আটটি ইনিংসে একটি করে সেঞ্চুরি করেছেন তিনি। একইসঙ্গে বড় রান করার প্রবণতাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল।
সবমিলিয়ে, ৯ সেপ্টেম্বর ১৯৯৪ সালটি কেবল সচিনের প্রথম ওডিআই সেঞ্চুরির দিন নয়, এটি ছিল ভারতীয় ক্রিকেটের ইতিহাসেও এক যুগান্তকারী টার্নিং পয়েন্ট।