আর হা-পিত্যেশ করে বসে থাকতে হবে না! চালু হচ্ছে LIVE বাস ট্র্যাকিং?

মেট্রো শহর হওয়া সত্ত্বেও কলকাতায় দীর্ঘদিন ধরে লাইভ বাস ট্র্যাকিং ব্যবস্থার অভাব ছিল। এর ফলে রাস্তায় বেরিয়ে ঘণ্টার পর ঘণ্টা বাসের জন্য অপেক্ষা করা ছাড়া যাত্রীদের আর কোনো উপায় থাকত না। তবে সাধারণ মানুষের এই ভোগান্তি দূর করতে এবার বড় উদ্যোগ নিতে চলেছে রাজ্য পরিবহণ দফতর। জানা যাচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যেই শহরে চালু হতে পারে বহুল প্রতীক্ষিত লাইভ বাস ট্র্যাকিং সিস্টেম। সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন দুর্গাপুজোর আগেই এই পরিষেবা চালুর পরিকল্পনা করেছে পরিবহণ দফতর।
কীভাবে মিলবে এই পরিষেবা?
নতুন এই ডিজিটাল ব্যবস্থা চালু হলে যাত্রীরা নিজেদের স্মার্টফোন থেকেই শহরের বাসগুলির রিয়েল-টাইম লোকেশন দেখতে পাবেন। এর পাশাপাশি নির্দিষ্ট রুটের বাসটি ঠিক কোথায় রয়েছে এবং পরবর্তী বাসটি আসাতে কত সময় লাগবে, তা ঘরে বসেই জেনে নেওয়া সম্ভব হবে। বাসগুলির গতিবিধি ট্র্যাক করার জন্য গাড়িতে থাকা ভিএলটিডি (VLTD বা ভেহিক্য়াল লোকেশন ট্র্যাকিং ডিভাইস)-এর ওপর কড়া নজরদারি চালানো হবে। ডিভাইসগুলি যাতে নিখুঁতভাবে কাজ করে এবং সেন্সর কন্ট্রোল ঠিকঠাক থাকে, তা নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ নিচ্ছে পরিবহণ দফতর।
সূত্রের খবর, এই ট্র্যাকিং সিস্টেম সঠিকভাবে রক্ষণাবেক্ষণের জন্য একটি অনুমোদিত ভেন্ডরকে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এর ফলে প্রশাসনিক খরচ অনেকটাই বাঁচবে বলে মনে করছে রাজ্য পরিবহণ দফতর। পুজোর আগেই এই পুরো প্রক্রিয়াটি চালু করার জন্য তোড়জোড় শুরু হয়ে গিয়েছে।
পরিবহণ ব্যবস্থায় নতুন পরিবর্তনের ছোঁয়া
পরিবহণ মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকেই কলকাতার গণপরিবহণ ব্যবস্থাকে ঢেলে সাজাতে একের পর এক যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছেন মন্ত্রী অর্জুন সিং। সাধারণ যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি মেটাতে লাইভ বাস ট্র্যাকিং চালুর পাশাপাশি পরিবহণ দফতরের অন্দরে আরও নানা পরিকল্পনা চলছে। এর মধ্যে ব্যারাকপুর থেকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক তীর্থস্থানগুলিতে দূরপাল্লার বাস চালানোর বিষয়টিও বিবেচনাধীন রয়েছে। এই নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে কলকাতা ছাড়াও নদীয়া ও উত্তর ২৪ পরগনার বাসিন্দারা বিশেষ উপকৃত হবেন।