চ্যাটবটের দিন শেষ! এবার আপনার সমস্ত কাজ একাই করবে মেটার নতুন এআই এজেন্ট ‘মিউজ’

প্রথাগত চ্যাটবটের জমানা পেরিয়ে এবার কাজের দুনিয়ায় বড় বদল আনতে চলেছে ফেসবুকের আদি সংস্থা মেটা। মঙ্গলবার মেটার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাব লঞ্চ করা হয়েছে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অ্যাসিস্ট্যান্ট ‘মিউজ’। এটি সাধারণ এআই মডেলের মতো শুধু প্রম্পটের উত্তর দিয়েই থেমে থাকবে না, বরং ব্যবহারকারীর হয়ে বাস্তব জীবনে নানা দৈনন্দিন কাজ স্বাধীনভাবে সম্পন্ন করতে সক্ষম।
প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের জন্য এই টুলটি আনা হয়েছে। ডেডিকেটেড অ্যাপ ছাড়াও মেটার জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের মাধ্যমেও ‘মিউজ’ ব্যবহার করা যাবে। মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ একে ‘পার্সোনাল সুপার-ইন্টেলিজেন্স’ বা ব্যক্তিগত অতি-বুদ্ধিমত্তার দিকে বড় পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। তাঁর মতে, এই এআই এজেন্ট ব্যবহারকারীর লক্ষ্য বুঝতে এবং ২৪ ঘণ্টা সক্রিয় থেকে সাহায্য করতে পুরোপুরি প্রস্তুত।
কিভাবে কাজ করবে ‘মিউজ’?
সাধারণ চ্যাটবটের মূল কাজ যেখানে নির্দিষ্ট প্রশ্নের উত্তর দেওয়া, সেখানে ‘মিউজ’ নির্দেশ পাওয়ার পর ব্যাকগ্রাউন্ডে নিজের মতো করে কাজ চালিয়ে যেতে পারে। ডেডিকেটেড ভার্চুয়াল মেশিনের মাধ্যমে পরিচালিত হওয়ায় এটি ইমেল পাঠানো, ভ্রমণের ব্যবস্থা করা, ক্যালেন্ডার পরিচালনা, পেমেন্ট করা, অনলাইন কেনাকাটা এবং স্মার্ট-হোম সিস্টেমের মতো বিভিন্ন পরিষেবার সঙ্গে অনায়াসে যোগাযোগ করতে পারে। কোন কোন অ্যাপ বা প্ল্যাটফর্মে এই এআই প্রবেশ করতে পারবে, তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ ব্যবহারকারীর হাতেই থাকবে এবং প্রয়োজনমতো সেই অনুমতি বাতিলও করা যাবে।
নিরাপত্তা ও গোপনীয়তা
ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা বজায় রাখতে বিশেষ নজর দিয়েছে মেটা। সংস্থ জানিয়েছে, ব্যবহারকারীর ডেটা ও লগইন সংক্রান্ত সমস্ত তথ্য ‘মিউজ সিকিউর ভিএম’-এ সংরক্ষিত থাকে, যা একটি সম্পূর্ণ পৃথক বা আইসোলেটেড লিনাক্স কম্পিউটার। এছাড়া ব্যবহারকারীর কথোপকথন কোনোভাবেই এআই মডেল প্রশিক্ষণের কাজে ব্যবহার না করার অপশনও রাখা হয়েছে। চলতি বছরের শেষের দিকে এই পরিষেবার একটি এনক্রিপ্টেড সংস্করণ আনার পরিকল্পনাও রয়েছে।
বিনামূল্যে ও পেড—উভয় সংস্করণই উপলব্ধ
‘মিউজ’-এর একটি বেসিক সংস্করণ সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে। তবে যাঁরা আরও বেশি পরিমাণে এবং উন্নত পরিসেবায় এই এআই অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করতে চান, তাঁদের জন্য পেড সাবস্ক্রিপশনের ব্যবস্থাও রাখা হয়েছে। ভবিষ্যতে মেটার স্মার্ট গ্লাস প্ল্যাটফর্মেও এই প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা রয়েছে সংস্থার, যার ফলে ব্যবহারকারীরা আরও সহজে দৈনন্দিন কাজ পরিচালনা করতে পারবেন। বিজ্ঞাপনের বাইরে নতুন আয়ের উৎস তৈরি এবং বিশাল এআই পরিকাঠামোয় বিনিয়োগের সঠিক সদ্ব্যবহারের লক্ষ্যেই মেটার এই নয়া উদ্যোগ।