ক্রিকেট দুনিয়ায় বিরাট ধামাকা! দলের মালিক হলেন পন্টিং, অধিনায়কের দায়িত্বে বিস্ফোরক ওয়ার্নার

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (WCL)-এর তৃতীয় মরশুম শুরু হওয়ার আগেই বিশ্ব ক্রিকেটে এক বিরাট চমক। অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স দলে সূচিত হল এক নতুন অধ্যায়। মেলবোর্নের বিখ্যাত ইউরেকা ৮৯-এ আয়োজিত বিশেষ ‘অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স: আ নিউ এরা’ অনুষ্ঠানে দলের সহ-মালিক হিসেবে নাম ঘোষণা করা হল অস্ট্রেলিয়ার দুইবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংয়ের। একই মঞ্চে দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে বিস্ফোরক ওপেনার ডেভিড ওয়ার্নারের হাতে।
পন্টিং-পুনীত জুটিতে নতুন মাইলফলক:
ব্যবসায়ী পুনীত সিংয়ের সঙ্গে যৌথভাবে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্সের মালিকানা গ্রহণ করেছেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ান ক্রিকেটের অন্যতম প্রভাবশালী এই কিংবদন্তির অন্তর্ভুক্তি দলের আত্মবিশ্বাস ও জনপ্রিয়তাকে বহু গুণ বাড়িয়ে দিল। পন্টিং জানান, “অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স এবং ডব্লুসিএল পরিবারের অংশ হতে পেরে আমি রোমাঞ্চ অনুভব করছি। পুনীত এবং দলের অন্যান্য সদস্যদের সাথে মিলে, বিশেষ করে ডেভিডের নেতৃত্বে ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ কিছু উপহার দেওয়ার সুযোগ এসেছে।”
অধিনায়ক হয়ে উন্মুখ ওয়ার্নার:
নতুন মরশুমে ক্রিকেটপ্রেমীদের মাতাতে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্সকে সামনে থেকে নেতৃত্ব দেবেন ডেভিড ওয়ার্নার। এই নতুন ভূমিকা পেয়ে উচ্ছ্বসিত ওয়ার্নার বলেন, “ডব্লুসিএলের তৃতীয় মরশুমে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্সকে নেতৃত্ব দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আবারও মাঠে নেমে কিংবদন্তিদের সঙ্গে খেলা এবং সমর্থকদের বিনোদন দেওয়ার থেকে আনন্দের কিছু হতে পারে না।”
অনুষ্ঠানে পন্টিং, ওয়ার্নার ও পুনীত সিং ছাড়াও উপস্থিত ছিলেন বহু প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা। অস্ট্রেলিয়ান ক্রিকেটের ঐতিহ্য, পন্টিংয়ের ক্রিকেটীয় মস্তিষ্ক এবং ওয়ার্নারের ক্ষুরধার আক্রমণের ওপর ভর করে তৃতীয় মরশুমে চ্যাম্পিয়ন হওয়াই এখন অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্সের একমাত্র লক্ষ্য।