১৫০ কোটির প্রস্তাব গেল কোথায়! বক্স অফিসের পর এবার ওটিটিতেও মুখ থুবড়ে পড়ল যশের ‘টক্সিক’?

‘কেজিএফ’ সিরিজের সাফল্যের পর দক্ষিণী সুপারস্টার যশের নতুন ছবি ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ নিয়ে দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। গীতু মোহনদাস পরিচালিত এই বিগ বাজেটের গ্যাংস্টার ঘরানার ছবিতে যশের পাশাপাশি অভিনয় করেছেন নয়নতারা, কিয়ারা আদবানি, তারা সুতারিয়া এবং হুমা কুরেশির মতো নামী তারকারা। মুক্তির আগে ছবিটির বাণিজ্যিক সাফল্য নিয়ে প্রত্যাশার পারদ আকাশছোঁয়া থাকলেও, বক্স অফিসের বাস্তব চিত্র সম্পূর্ণ আলাদা গল্প বলছে। আর তার জেরে এবার বড় ধাক্কা এল ছবিটির ওটিটি বা ডিজিটাল স্বত্বেও।
চলচ্চিত্র বাণিজ্য মহলের খবর অনুযায়ী, প্রেক্ষাগৃহে মুক্তির আগেই একটি শীর্ষস্থানীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘টক্সিক’-এর সমস্ত ভাষার পোস্ট-থিয়েট্রিক্যাল ডিজিটাল রাইটসের জন্য প্রায় ১৫০ কোটি টাকার বাম্পার প্রস্তাব দিয়েছিল। কিন্তু ছবির মেকাররা সেই অফার ফিরিয়ে দিয়ে ২০০ কোটির বেশি দাম পাওয়ার আশা করেছিলেন। তাঁদের ধারণা ছিল, ‘কেজিএফ’ ব্র্যান্ডের জাদুতে বক্স অফিসে রেকর্ড ব্যবসা করবে এই ছবি, যার ফলে ওটিটি স্বত্ব আরও চড়া দামে বিক্রি করা যাবে।
যদিও বাস্তবে ছবির বক্স অফিস কালেকশন সেই আশানুরূপ জায়গায় পৌঁছাতে পারেনি। প্রথম দিনে ১০১.১০ কোটি টাকার দুর্দান্ত ওপেনিং পেলেও, পরবর্তীতে দর্শক এবং সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়ায় ছবির আয়ের গতি দ্রুত মন্থর হয়ে পড়ে। মুক্তির ১২ দিনের মাথায় ভারতে ছবিটির মোট নেট সংগ্রহ ঠেকেছে প্রায় ২৪৫.৭৫ কোটি টাকায়। প্রত্যাশা এবং প্রাপ্তির এই ফারাকই সরাসরি প্রভাব ফেলেছে ডিজিটাল বাজারে।
সূত্রের খবর, যে ছবির জন্য একসময় ১৫০ কোটি টাকা দিতে চেয়েছিল ওটিটি প্ল্যাটফর্মগুলি, বর্তমান পরিস্থিতিতে সেই একই ছবির সমস্ত ভাষার ডিজিটাল স্বত্ব কিনতে কেউ সর্বোচ্চ ৩০ কোটি টাকার বেশি দিতে রাজি নয়। অর্থাৎ মুক্তির আগের অঙ্কের তুলনায় বর্তমান অফারটি এককথায় তলানিতে ঠেকেছে। যদিও এই ওটিটি ডিল নিয়ে ‘জি৫’ কিছুটা এগিয়ে রয়েছে বলে শোনা যাচ্ছে, তবে এখনও পর্যন্ত নির্মাতাদের পক্ষ থেকে চূড়ান্ত কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি। বক্স অফিসের পর এখন ওটিটি বাজারেও যশের এই ছবি কতটা ঘুরে দাঁড়াতে পারে, সেটাই এখন দেখার বিষয়।