PM Modi Security: মোদীর মুম্বই সফরের আগে বিরাট নিরাপত্তা বিঘ্ন! বন্দুক ও ভুয়ো PMO আইডি সহ গ্রেফতার যুবক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুম্বই সফরের ঠিক প্রাক্কালে বড়সড় নিরাপত্তা ত্রুটির ঘটনা প্রকাশ্যে এল। মঙ্গলবার সন্ধ্যায় মুম্বইয়ের বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সে (BKC) অবস্থিত নীতা মুকেশ আম্বানী কালচারাল সেন্টারে (NMACC) প্রধানমন্ত্রী মোদীর গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৬-এর উদ্বোধন করার কথা রয়েছে। ঠিক তার আগেই অনুষ্ঠানস্থলের নিরাপত্তা প্রোটোকল ড্রিল চলাকালীন এক ভুয়ো পিএমও (PMO) আধিকারিক ও তাঁর অস্ত্রধারী দেহরক্ষীকে আটক করেছে মুম্বই পুলিশ। এই ঘটনায় নিরাপত্তা বলয় নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
কীভাবে ধরা পড়ল অভিযুক্তরা? পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে অনুষ্ঠানস্থলের নিরাপত্তা খতিয়ে দেখার সময় ২৪ বছর বয়সি রোহন পারেখ নামের এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। নিজেকে প্রধানমন্ত্রীর দফতরের (PMO) আধিকারিক হিসেবে পরিচয় দিয়ে ওই যুবক ভেতরে প্রবেশের চেষ্টা করেন। তবে কর্তব্যরত নিরাপত্তা কর্মীরা তাঁর পরিচয়পত্র পরীক্ষা করে দেখেন সেটি সম্পূর্ণ ভুয়ো।
এরপরই ত্বরিত পদক্ষেপে ওই যুবক এবং তাঁর সঙ্গে থাকা দেহরক্ষীকে আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে দেহরক্ষীর কাছ থেকে একটি বন্দুকও উদ্ধার করা হয়েছে।
তদন্তে ক্রাইম ব্র্যাচ: ঘটনার তীব্রতা বিচার করে পুরো তদন্তের দায়িত্ব নিয়েছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। বন্দুক এবং ভুয়ো পরিচয়পত্র নিয়ে ওই দু’জন ঠিক কী উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের ভেন্যুতে ঢোকার চেষ্টা করেছিলেন, তা খতিয়ে দেখতে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে। আটক ব্যক্তিদের মোবাইল ফোন ও পরিচয়পত্রগুলিও ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ ইভেন্টের আগে এই ধরণের অনুপ্রবেশের চেষ্টার ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন।