AUS vs SA: অস্ট্রেলিয়া সিরিজের জন্য দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার! দলে বিরাট চমক, বাদ পড়লেন তারকা ব্যাটার

 

আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের জন্য তিন ম্যাচের একদিনের (ODI) দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। আগামী ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর নিজেদের দেশেই এই সিরিজ খেলবে প্রোটিিয়ারা। তবে এই দল ঘোষণার পরই ক্রিকেট মহলে শুরু হয়েছে জোর চর্চা। নামিবিয়ায় টি-টোয়েন্টি ট্রাই-সিরিজে দুর্দান্ত পারফর্ম করেও ১৬ জনের দলে জায়গা পাননি তরুণ হার্ডহিটার ডিওয়াল্ড ব্রেভিস। শুধু তাই নয়, চোটের কারণে এই সিরিজ থেকে ছিটকে গেছেন দলের অন্যতম ভরসাযোগ্য পেসার কাগিসো রাবাডা।

দলে বড় চমক ও কামব্যাক: রাবাডার অনুপস্থিতিতে প্রোটিয়া পেস আক্রমণ সামলাবেন লুঙ্গি এনগিডি, কোয়েনা মাফাকা, ওটনিয়েল বার্টম্যান এবং জেরাল্ড কোয়েটজি। এর মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ প্রায় তিন বছর পর একদিনের দলে জেরাল্ড কোয়েটজির কামব্যাক। তিনি শেষবার দক্ষিণ আফ্রিকার জার্সিতে ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে খেলেছিলেন। অন্যদিকে, ব্রেভিসের পাশাপাশি দল থেকে বাদ পড়েছেন প্রেনেলান সুব্রায়েন এবং রুবিন হারম্যানও।

অধিনায়কত্ব ও স্কোয়াড বিন্যাস: টেম্বা বাভুমার নেতৃত্বেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। তবে টি-টোয়েন্টি অধিনায়ক এইডেন মার্করামকে কেবল সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচের জন্য দলে রাখা হয়েছে। ব্যাটিং লাইনআপ শক্ত করতে দলে রয়েছেন কুইন্টন ডি কক, রায়ান রিকেলটন, ডেভিড মিলার ও ট্রিস্টান স্টাবস। প্রধান কোচ শুকরি কনরাড স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের জন্য একটি শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ দল তৈরি করাই তাঁদের মূল লক্ষ্য।

দক্ষিণ আফ্রিকার একদিনের স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), ওটনিয়েল বার্টম্যান, করবিন বশ, ম্যাথিউ ব্রিটজকে, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিয়র্ন ফরচুইন, মার্কো জ্যানসেন, কেশব মহারাজ, কোয়েনা মাফাকা, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, রায়ান রিকেলটন এবং ট্রিস্টান স্টাবস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *