শ্বশুরবাড়ির রীতি না মানলেই বিবাহবিচ্ছেদ? বিবাহিত জীবন ও আইনি অধিকার নিয়ে যা জানাল হাইকোর্ট

শ্বশুরবাড়িতে ধর্মীয় আচার-রীতি বা পারিবারিক রীতি পালন না করাকে ‘নিষ্ঠুরতা’ হিসেবে গণ্য করা যায় না বলে স্পষ্ট জানিয়ে দিল অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট। ধর্মীয় আচার ও সংস্কৃতি মেনে চলার ক্ষেত্রে প্রত্যেকের ব্যক্তিগত স্বাধীনতা থাকাটা স্বাভাবিক—এই পর্যবেক্ষণ দিয়ে এক ব্যক্তির বিবাহবিচ্ছেদের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। প্রায় আড়াই দশক ধরে চলা এই আইনি লড়াইয়ে বড়সড় ধাক্কা খেলেন ওই স্বামী।

কী ছিল পুরো মামলা?

১৯৯৯ সালে এক দম্পতির বিবাহ হয়। কিন্তু বিয়ের বছর কয়েকের মধ্যেই দম্পতির মধ্যে পারিবারিক অশান্তি দানা বাঁধতে শুরু করে। এরপর বিবাহবিচ্ছেদের আবেদন জানিয়ে পারিবারিক আদালতের দ্বারস্থ হন স্বামী। সেখানে তাঁর আবেদন খারিজ হয়ে গেলে, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে আপিল করেন ওই ব্যক্তি।

স্বামীর দাবি ছিল, তাঁর পরিবার রক্ষণশীল হওয়া সত্ত্বেও স্ত্রী পারিবারিক আচার-অনুষ্ঠান মানতে রাজি হতেন না। এমনকি স্ত্রীর বিরুদ্ধে মা-বাবার যত্ন না নেওয়া এবং পরিবারের সকলের সঙ্গে ঝগড়া করার মতো একাধিক অভিযোগ তোলেন তিনি। অন্যদিকে, স্ত্রীর পালটা দাবি ছিল, তিনিও রক্ষণশীল পরিবার থেকেই এসেছেন, কিন্তু দেওর ও ননদের নানা সমস্যার কারণে তিনি একসময় শ্বশুরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলেন। উল্লেখ্য, ২০০০ সাল থেকেই ওই দম্পতি আলাদা বসবাস করছেন এবং বর্তমানে তাঁদের বয়স যথাক্রমে ৭৬ ও ৬৬ বছর।

হাইকোর্টের ঐতিহাসিক পর্যবেক্ষণ

মামলাটি শুনানির জন্য ওঠে বিচারপতি বাট্টু দেবানন্দ ও বিচারপতি সুনীতা গন্ধমের ডিভিশন বেঞ্চে। সুপ্রিম কোর্টের পূর্বের বিভিন্ন রায়ের কথা উল্লেখ করে আদালত জানায়, দাম্পত্য জীবনে দু-একটি বিচ্ছিন্ন ঘটনাকে কখনই ‘নিষ্ঠুরতা’ হিসেবে দেখা চলে না।

আদালতের পরিষ্কার পর্যবেক্ষণ, কোনো বিশেষ আচার-অনুষ্ঠান পালন না করা বা নির্দিষ্ট কোনো পারিবারিক রীতি মানতে না চাওয়ার অর্থ এই নয় যে তা সঙ্গীর প্রতি নিষ্ঠুরতা। তবে বারবার অপমান করা, অবমাননা করা কিংবা বিদ্বেষমূলক আচরণ থাকলে আদালত বিষয়টি বিবেচনা করতে পারে। কিন্তু বর্তমান মামলায় তেমন কোনো গুরুতর প্রমাণ পায়নি আদালত। উদাহরণস্বরূপ, স্ত্রী যদি শ্বশুরবাড়ির রীতি অনুযায়ী নির্দিষ্ট কোনো আচার পালনের সময় ভেজা শাড়ি পরতে অস্বীকার করেন, তবে তাকে কোনোমতেই আইনগত নিষ্ঠুরতা বলা যায় না। সমস্ত দিক খতিয়ে দেখে আদালত স্বামীর বিচ্ছেদের আবেদন খারিজ করে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *