“দ্রুতগামী বাসে ঘুমোচ্ছিলেন তীর্থযাত্রীরা!”-গভীর রাতে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি

গভীর রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কেঁপে উঠল উত্তরপ্রদেশ। রবিবার গভীর রাতে বাঘপত জেলার ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে একটি যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই চার জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বহু যাত্রী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজস্থানের বিভিন্ন তীর্থক্ষেত্র ঘুরে ৩২ জন তীর্থযাত্রীকে নিয়ে একটি বাস উত্তরপ্রদেশের বদায়ুনের দিকে রওনা দিয়েছিল। যাত্রীরা সকলেই বদায়ুনের বাসিন্দা ছিলেন এবং তীর্থদর্শন শেষে তাঁরা নিজ বাড়িতে ফিরছিলেন। রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ের ওপর হঠাৎই বাসটি চালকের নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে সজোরে ধাক্কা মারে এবং উল্টে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ রেসপন্স ভেহিকল (PRV) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্রাথমিক উদ্ধারকার্যের পর আহত যাত্রীদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাস্থলেই চার জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। বাসের কোনো যান্ত্রিক ত্রুটি ছিল নাকি চালক ঘুমিয়ে পড়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। বাঘপতের জেলাশাসক অস্মিতা লাল জানিয়েছেন, গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *