পৃথিবীর উষ্ণতম অগস্ট! তাপমাত্রা বৃদ্ধির এই রেকর্ড ভাঙবে সর্বকালীন সমস্ত হিসেব?

পৃথিবীর উষ্ণতা নিয়ে ফের এক নতুন ও বড় সতর্কবার্তা সামনে এসেছে। জলবায়ু বিজ্ঞানীদের সাম্প্রতিক বিশ্লেষণ অনুযায়ী, চলতি বছরের অগস্ট মাস এখনও পর্যন্ত নথিভুক্ত ইতিহাসের সবচেয়ে উষ্ণ অগস্ট হিসেবে চিহ্নিত হয়েছে। শুধু বিশ্বজুড়েই নয়, ভারতের আবহাওয়াতেও এর প্রত্যক্ষ প্রভাব পড়েছে, যা আগামী দিনের এক বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে। জলবায়ু গবেষণা প্ল্যাটফর্ম ‘ক্লাইমেট ব্রিংক’-এর তথ্য বলছে, ২০২৬ সালটি সামগ্রিকভাবে বিশ্বের সবচেয়ে উষ্ণ বছর হয়ে ওঠার প্রায় ৭৫ শতাংশ সম্ভাবনা রয়েছে। চলতি বছরের গড় তাপমাত্রা প্রাক্-শিল্পযুগের তুলনায় ১.৬২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে ২০২৪ সালের তাপমাত্রা সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছিল, যেখানে বার্ষিক গড় তাপমাত্রা প্রায় ১.৫৫ থেকে ১.৬০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি রেকর্ড করা হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে সেই পুরনো রেকর্ডও পিছিয়ে পড়তে পারে। বিশ্বের পাশাপাশি ভারতের ক্ষেত্রেও তৈরি হয়েছে অভূতপূর্ব রেকর্ড। আবহাওয়া দফতর (IMD) সূত্রে জানা গেছে, ১৯০১ সালে দেশে নিয়মিত তাপমাত্রা রেকর্ড শুরু হওয়ার পর থেকে এত উষ্ণ অগস্ট মাস আগে কখনো দেখা যায়নি। শুধু দিনের বেলাতেই নয়, রাতের উষ্ণতাও সমানভাবে উদ্বেগ বাড়িয়েছে। আইএমডি-র তথ্য অনুযায়ী, অগস্টে ভারতের গড় সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল, যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি এবং গত ১২৫ বছরের ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা। দেশজুড়ে এই তাপপ্রবাহের জেরে মেট্রো শহরগুলির অবস্থাও বেশ সংকটজনক। জলবায়ু বিশ্লেষণে প্রকাশ, ভারতের বড় শহরগুলির মধ্যে কলকাতার উষ্ণতা বৃদ্ধির হার সবচেয়ে বেশি। প্রাক্-শিল্পযুগের তুলনার নিরিখে কলকাতার উষ্ণতা বৃদ্ধি প্রায় ১.৪ ডিগ্রি সেলসিয়াস। এই তালিকার ঠিক পরেই রয়েছে বেঙ্গালুরু, যেখানে তাপমাত্রা বৃদ্ধির হার প্রায় ১.৩ ডিগ্রি সেলসিয়াস। বিশেষজ্ঞদের মতে, ২০১৫ সালের প্যারিস চুক্তিতে বিশ্ব উষ্ণায়নকে ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বেঁধে রাখার যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল, বর্তমান ধারা অব্যাহত থাকলে সেই সীমাও স্থায়ীভাবে পার হয়ে যেতে পারে। এর ফলে সমুদ্রের জলস্তর বৃদ্ধির কারণে উপকূলবর্তী অঞ্চল এবং পাহাড়ি এলাকাগুলিতে চরম বিপদের ঝুঁকি তৈরি হবে। পাশাপাশি, আসন্ন এল নিনো পরিস্থিতির প্রভাব এই বেসলাইন উষ্ণতাকে আরও মারাত্মক করে তুলতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা।