“খলনায়িকা থেকে সোজা রাজনীতির ময়দানে!”-নতুন পরিচয়ে চমকে দিলেন জনপ্রিয় মুখ মানসী

টেলিভিশনের পর্দায় তিনি মূলত খলনায়িকা বা শক্তিশালী পার্শ্বচরিত্র হিসেবেই বেশি পরিচিত। নেগেটিভ চরিত্রে অভিনয় করে দর্শকের মনে স্থায়ী জায়গা করে নেওয়া অভিনেত্রী মানসী সেনগুপ্ত এবার পা রাখলেন রাজনীতির ময়দানে। ব্যক্তিগত জীবন ও নানা ট্রোলিংকে দূরে সরিয়ে রেখে একেবারে নতুন এক ভূমিকায় অবতীর্ণ হলেন দুই সন্তানের এই মা। তিনি আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা মজদুর সেলের দক্ষিণ ২৪ পরগনা জেলার জেলা ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

এর আগে টেলি জগতের অনেক চেনা মুখকে শাসক দলের ঘনিষ্ঠ বা বিভিন্ন রাজনৈতিক মঞ্চে দেখা গেলেও, মানসীকে কখনোই কোনো রাজনৈতিক দলের সরাসরি ভিড়ে দেখা যায়নি। তবে রাজ্যে রাজনৈতিক সমীকরণ বদলানোর পর এবার তিনি রাজনীতির আঙিনায় পা রাখলেন। দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মানসী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অতীতের সরকারের ভুলত্রুটি নিয়ে কোনো বিতর্কে না গিয়ে তিনি কেবল সাধারণ মানুষের কাজ করতে চান। সমালোচনার তোয়াক্কা না করে নিজের কাজের মাধ্যমেই পরিচিতি তৈরি করতে চান এই অভিনেত্রী।

বাংলা টেলিভিশনের পাশাপাশি ওড়িয়া ও হিন্দি সিরপাতালেও তাঁর অবাধ যাতায়াত। ‘নিম ফুলের মধু’, ‘কী করে বলব তোমায়’, ‘উমা’ কিংবা ‘কুঞ্জছায়া’-র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেছেন। বিশেষ করে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে মৌমিতা চরিত্রে তাঁর অভিনয় দারুণ প্রশংসিত হয়। অন্যদিকে, তাঁর ব্যক্তিগত জীবনও কম চর্চায় আসেনি। ২০২৬ সালের মার্চ মাসে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের আইনি পদক্ষেপ করার কথা প্রকাশ্যে আনেন তিনি। তবে সমস্ত প্রতিকূলতা ও ব্যক্তিগত টানাপোড়েনকে পাশ কাটিয়ে অভিনয় জগতের জনপ্রিয় এই মুখ এবার কীভাবে তাঁর নতুন রাজনৈতিক দায়িত্ব পালন করেন, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *