শুধু পিঠ চুলকে দিলেই মাসে আয় ১৫ লক্ষ টাকা! অদ্ভুত এই ব্যবসায় চমকে গেছে দুনিয়া

পিঠ বা শরীর চুলকে দেওয়ার মতো একটি সাধারণ বিষয় যে মাসে ১৪ থেকে ১৫ লক্ষ টাকা আয়ের উৎস হতে পারে, তা হয়তো অনেকেই বিশ্বাস করবেন না। কিন্তু অদ্ভুত এই ধারণাকেই লাভজনক ব্যবসায় রূপান্তর করে তাক লাগিয়ে দিয়েছেন চিনের এক যুবক। মানসিক চাপে জর্জরিত আধুনিক জীবনে একটু আরামের খোঁজে মানুষ এখন এই অদ্ভুত ‘চুলকানির দোকান’-এ ভিড় জমাচ্ছে।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, চিনের শেনঝেনের বাসিন্দা ৩২ বছর বয়সী ঝাং জিয়াওকিয়াও গত মে মাসের শুরুতে বাও’আন জেলায় তাঁর প্রথম ‘চুলকানি নিবারণ কেন্দ্র’ খোলেন। হাই-এন্ড ম্যাসাজ সেন্টারের আদলে তৈরি এই দোকানে গ্রাহকরা উপুড় হয়ে শুয়ে থাকেন এবং কর্মচারীরা বিশেষভাবে তৈরি কৃত্রিম নখ পরে আলতো করে তাঁদের পিঠ বা শরীর চুলকে দেন। ঘণ্টার পর ঘণ্টা কাজ করার ক্লান্তি ও মানসিক চাপ কমাতে এই পরিষেবা বেশ জনপ্রিয়তা পেয়েছে। অবাক করার বিষয় হলো, এই দোকানের প্রায় ৭০ শতাংশ গ্রাহকই পুরুষ। প্রতি ঘণ্টা এই পরিষেবার জন্য গ্রাহকদের খরচ করতে হয় ৩০০ ইউয়ান বা প্রায় সাড়ে তিন হাজার ভারতীয় টাকা।
ই-কমার্স ও সোশ্যাল মিডিয়ায় কাঙ্ক্ষিত সাফল্য না পেয়ে এই অভিনব আইডিয়াটি খুঁজে পান ঝাং। অনলাইনে এক মহিলার তাঁর স্বামীর পিঠ চুলকে দেওয়ার ভিডিও এবং কমেন্টে সাধারণ মানুষের আগ্রহ দেখে তাঁর ছোটবেলার স্মৃতি জেগে ওঠে। বাবা যেভাবে পিঠ চুলকে আরাম দিতেন, সেই ভাবনা থেকেই তিনি এটিকে পেশাদার ব্যবসায় রূপ দেন।
শুরুতে অনেকেই একে রসিকতা ভাবলেও মাত্র এক মাসের মধ্যেই শেনঝেনের ফুটিয়ানে দ্বিতীয় শাখা খুলে ফেলেন ঝাং। বর্তমানে তাঁর দুটি আউটলেট থেকেই প্রতি মাসে প্রায় ১ লক্ষ ইউয়ান অর্থাৎ প্রায় ১৫ লক্ষ টাকা আয় হচ্ছে। এখানেই থেমে না থেকে আগামী দিনে সারা চিনে এই অদ্ভুত ব্যবসার ১০০টি শাখা খোলার বিরাট স্বপ্ন দেখছেন এই চিনা যুবক।