AIAPGET 2026-এর প্রোভিশনাল অ্যানসার কি প্রকাশ, আজই মিলিয়ে নিন উত্তর!

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) অল ইন্ডিয়া আয়ুষ পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স টেস্ট বা AIAPGET 2026-এর অস্থায়ী উত্তরপত্র (Provisional Answer Key) প্রকাশ করেছে। প্রার্থীরা এখন অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের উত্তরপত্র মিলিয়ে দেখতে পারবেন এবং কোনো প্রশ্ন নিয়ে অসন্তোষ থাকলে অনলাইনে চ্যালেঞ্জ জানাতে পারবেন।
পরীক্ষার্থীদের প্রতি প্রশ্নের জন্য ২০০ টাকা করে ফি জমা দিতে হবে। আপত্তি জানানোর শেষ সময় আগামী ৫ সেপ্টেম্বর, ২০২৬, রাত ১১:৫৮ মিনিট পর্যন্ত নির্ধারিত করা হয়েছে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এই ফি প্রদান করা যাবে। ফি জমা না দিলে বা নির্দিষ্ট সময়ের পরে করা কোনো আপত্তি এনটিএ বিবেচনা করবে না।
চলতি বছরের গত ২২ আগস্ট দেশজুড়ে ১০৪টি শহরের প্রায় ২০৫টি কেন্দ্রে কম্পিউটার ভিত্তিক পদ্ধতিতে (CBT) এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে প্রায় ৫১,৪৮২ জন প্রার্থী অংশ নেন। এছাড়া গত ১ সেপ্টেম্বর জয়পুরের একটি কেন্দ্রে ৪৯ জন প্রার্থীর জন্য পুনরায় পরীক্ষা নেওয়া হয়।
পরীক্ষার্থীদের জমা দেওয়া আপত্তিগুলি বিষয় বিশেষজ্ঞদের একটি প্যানেল খতিয়ে দেখবে। আপত্তি সঠিক প্রমাণিত হলে উত্তরপত্রে প্রয়োজনীয় সংশোধন করা হবে এবং সেই অনুযায়ী চূড়ান্ত ফল প্রকাশিত হবে। তবে কার আপত্তি গৃহীত বা প্রত্যাখ্যাত হলো, সে বিষয়ে আলাদা করে কোনো নোটিফিকেশন দেওয়া হবে না। বিস্তারিত জানতে প্রার্থীরা 011-40759000 নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা aiapget@nta.ac.in ঠিকানায় ইমেল করতে পারেন।