ডিএ মামলার চূড়ান্ত ফায়সালা কি তবে হাতের মুঠোয়? সুপ্রিম কোর্টের নির্দেশে রাজধানীতে বসছে মেগা বৈঠক!

বকেয়া মহার্ঘভাতা বা ডিএ (DA) মামলার জট কাটাতে এবার আসরে নামছে সুপ্রিম কোর্টের গঠিত বিশেষ কমিটি। আগামী ১২ সেপ্টেম্বর শনিবার বিকেল পাঁচটায় দিল্লিতে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক বসতে চলেছে। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চের নির্দেশ অনুযায়ী, তার আগে আগামী ৫ সেপ্টেম্বর শনিবারের মধ্যে বিভিন্ন কর্মচারী সংগঠনকে তাদের লিখিত বক্তব্য ই-মেইল করে কমিটিকে পাঠাতে বলা হয়েছে। সমস্ত জট কাটিয়ে আগামী ২৭ অক্টোবর মঙ্গলবার এই মামলার পরবর্তী ফের শুনানি হবে।

এর আগে সুপ্রিম কোর্টে দেওয়া স্টেটাস রিপোর্টে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহেতা জানিয়েছিলেন যে, এখনও পর্যন্ত ৭ হাজার কোটি টাকা কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতা হিসাবে মেটানো হয়েছে। তবে একাধিক জটিল বিষয়ের সমাধান করতে বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন কমিটির সঙ্গে কর্মচারীদের প্রতিনিধি ও আইনজীবীদের বসে আলোচনা করার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। আগামী আট সপ্তাহের মধ্যে এই বৈঠকের বিষয়ে আদালতে হলফনামা জমা দিতে হবে কমিটিকে।

এই বৈঠকে কোন পক্ষের কারা উপস্থিত থাকবেন, তার একটি সুনির্দিষ্ট তালিকাও চেয়েছে শীর্ষ আদালত। আদালতের লিখিত নির্দেশ অনুযায়ী, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে বৈঠকে থাকবেন আইনজীবী ফিরদৌস শামিম ও গোপা বিশ্বাস, এবং সংগঠনের প্রতিনিধি হিসেবে থাকবেন শ্যামল কুমার মিত্র। অন্যদিকে, কর্মচারীদের আরও একটি সংগঠনের পক্ষে থাকবেন আইনজীবী করুণা নন্দী, আইনজীবী বিপুল কুমার ও সংগঠনের প্রতিনিধি মৃন্ময় শ্রীমানি। পাশাপাশি, সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষে আইনজীবী অভিজিৎ উপাধ্যায় ও সংগঠনের কনভেনর ভাস্কর ঘোষ এই মেগা বৈঠকে উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, বকেয়া মহার্ঘভাতার ১০০ শতাংশ মেটাতে AICPI (All India Consumer Price Index) অনুযায়ী সুপ্রিম কোর্টের নির্দিষ্ট কমিটির কাছে রাজ্য সরকার ৮৫ শতাংশ মেটানোর এবং ১৫ শতাংশ ছাড় দেওয়ার অনুরোধ জানিয়েছে। পাশাপাশি, ২০০৮ সাল থেকে ২০১৫ সালের মধ্যবর্তী সময়ের সরকারি কর্মচারীদের প্রয়োজনীয় নথি জোগাড় করতে সময় লাগার কারণে, ওই সময়ের বকেয়া ডিএ আগামী দু’বছরে চারটি কিস্তিতে মেটানো হবে বলে জানানো হয়েছে।

তবে রাজ্য সরকারের এই পদক্ষেপে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কর্মচারীরা। কেন তাঁদের সম্পূর্ণ ১০০ শতাংশ ডিএ এককালীন দেওয়া হবে না, সেই প্রশ্ন তুলে সোচ্চার হয়েছেন তাঁরা। অন্যদিকে, ‘গ্রান্টস ইন এড’ (Grants-in-Aid)-এর সঙ্গে যুক্ত কর্মীরা এখনও মহার্ঘভাতা থেকে বঞ্চিত রয়েছেন। এই সমস্ত বহুমুখী বকেয়া ও অধিকার সংক্রান্ত একাধিক চাপা পড়া বিষয়ের সমাধান করতেই এবার দিল্লিতে এই হাই-ভোল্টেজ বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *