৫ সেপ্টেম্বরের মহাদ্ধৈরথের আগে ড্রেস রিহার্সাল! হংকং শিবিরের এই গোপন অস্ত্রকেই কি সবচেয়ে বেশি ভয় পাচ্ছে ভারত?

মহিলা টি-টোয়েন্টি এশিয়া কাপ ২০২৬-এর পরবর্তী ম্যাচে ভারতের প্রতিপক্ষ হংকং। আগামী ৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ মহারণের আগে এটিকে টিম ইন্ডিয়ার জন্য একটি আদর্শ ড্রেস রিহার্সাল হিসেবেই দেখা হচ্ছে। তবে এই ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ ও কৌতূহলের বিষয় হলো, ক্রিকেটের যেকোনো ফরম্যাটে নারী ক্রিকেটে ভারত ও হংকংয়ের মধ্যে এটিই প্রথম ঐতিহাসিক লড়াই। কাগজে-কলমে ভারতের পাল্লা ভারী হলেও টিম ইন্ডিয়ার আসল পরীক্ষা হংকং দলকে সামলানো নয়, বরং সেই দলের ডাগআউটে থাকা এক পরিচিত মুখকে কৌশলগতভাবে পরাস্ত করা।
ভারতকে চ্যাম্পিয়ন করেছিলেন, এবার চালিকাশক্তি হংকংয়ের
হংকং দলের সঙ্গেই জড়িয়ে রয়েছে এমন এক ভারতীয় ক্রিকেটারের নাম, যাঁর পরিচয় জানলে যে কেউ অবাক হবেন। তিনি আর কেউ নন, ভারতের প্রাক্তন ক্রিকেটার মমতা মাবেন। তাঁরই নেতৃত্বে ২০০৪ সালে ভারত প্রথমবার মহিলা এশিয়া কাপের ট্রফি জিতেছিল। তিনি হলেন ভারতীয় মহিলা দলকে প্রথম এশিয়া কাপ চ্যাম্পিয়ন করার গৌরব অর্জনকারী অধিনায়ক। ঘরোয়া ক্রিকেটে কর্ণাকটের হয়ে খেলা মমতা মাবেন ১৯৯৩ থেকে ২০০৪ সালের মধ্যে ভারতীয় দলের জার্সিতে ৪টি টেস্ট এবং ৪০টি একদিনের ম্যাচ খেলেছেন। আর বর্তমান মহিলা টি-টোয়েন্টি এশিয়া কাপে হংকং দলের প্রধান কোচ হিসেবে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে জয়ের ছক কষতে দেখা যাবে তাঁকে।
প্রথম জয়ের খোঁজে হংকং, টুর্নামেন্টে টিকে থাকার লড়াই
চলতি এশিয়া কাপে হংকং দল এখনও তাদের প্রথম জয়ের দেখা পায়নি। টুর্নামেন্টের ওপেনিং ম্যাচে থাইল্যান্ডের কাছে হেরেছিল হংকং, অন্যদিকে ভারত তাদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে অনায়াসেই পরাজিত করে। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে কোচ মমতা মাবেন নিজেই বলেছিলেন যে, ভারত ও পাকিস্তানের মতো শক্তিশালী দলগুলোর বিরুদ্ধে খেলা হংকংয়ের তরুণী ক্রিকেটারদের জন্য দারুণ এক শিক্ষণীয় অভিজ্ঞতা হবে।
হংকংয়ের জন্য এটি টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ। ভারতের বিরুদ্ধে এই গুরুত্বপূর্ণ ম্যাচে যদি তারা হেরে যায়, তবে গ্রুপ পর্ব থেকেই তাদের বিদায় নিশ্চিত হয়ে যাবে। একদিকে পাকিস্তানের বিরুদ্ধে মেগা ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ভারতের সামনে, অন্যদিকে মগজাস্ত্রের লড়াইয়ে প্রাক্তন ভারত অধিনায়িকাকে টেক্কা দেওয়ার কঠিন চ্যালেঞ্জ হরমনপ্রীতদের সামনে।