জলে তলিয়ে গেল সতীপীঠ কঙ্কালীতলা! গর্ভগৃহ থেকে সরতে হল দেবীর বিগ্রহ, বোলপুরে জলপ্রলয়ে মৃত ১

টানা বর্ষণ ও সর্বগ্রাসী নদীর জলের তোড়ে বিপর্যস্ত বীরভূমের বোলপুর ও তার পার্শ্ববর্তী এলাকা। কোপাই নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইায় ভয়াবহ রূপ নিয়েছে পরিস্থিতি। সতীপীঠগুলির অন্যতম ঐতিহাসিক কঙ্কালীতলা মন্দির চত্বর পুরোপুরি জলের তলায় চলে যাওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে নিরাপত্তার খাতিরে গর্ভগৃহ থেকে দেবীর বিগ্রহ সরিয়ে সাময়িকভাবে পাশের একটি শিবমন্দিরে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার শ্রীনিকেতন আবহাওয়া দপ্তরের রেকর্ড অনুযায়ী এক দিনে প্রায় ২৬২.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়। এর সঙ্গে যুক্ত হয় ময়ূরাক্ষী নদীর উপর তিলপাড়া জলাধার থেকে দফায় দফায় জল ছাড়ার সিদ্ধান্ত। বুধবার প্রথমে ৯ হাজার কিউসেক এবং পরে তা বাড়িয়ে প্রায় ১৫ হাজার কিউসেক জল ছাড়ায় কোপাই, অজয়, দ্বারকা ও ব্রাহ্মণীর মতো নদনদীগুলি ফুলেফেঁপে ওঠে।

বৃহস্পতিবার ভোররাত থেকেই কোপাই নদীর জল উপচে কঙ্কালীতলা মন্দির চত্বরে প্রবেশ করে। ক্রমেই তা কোমরসমান উচ্চতায় পৌঁছয়। মন্দির কমিটি ও প্রশাসনের পক্ষ থেকে ভক্তদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হলেও, কোমরসমান জল ভেঙে পুরোহিতরা মায়ের নিত্যপুজো ও ভোগ নিবেদনের কাজ চালিয়ে যান। তবে ভক্তশূন্য মন্দিরে এখন এক গম্ভীর উৎকণ্ঠা বিরাজ করছে। একইসঙ্গে মন্দিরের পাশের কঙ্কালীতলা মহাশ্মশানেও জল ঢুকে পড়ায় আপাতত সমস্ত দাহকাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছেন কর্তৃপক্ষ।

শুধু মন্দির চত্বর নয়, বোলপুরের কাশিমবাজারে বৃষ্টির জলে ভেজা উন্মুক্ত বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ১৯ বছরের এক যুবকের (সুব্রত পাল) মর্মান্তিক মৃত্যুর খবর মিলেছে। জলের তীব্র স্রোতে তাঁর দেহ ভেসে যাওয়ায় দীর্ঘক্ষণ পর ডুবুরিরা তা উদ্ধার করেন। অন্যদিকে, নানুর, লাভপুর, ইলামবাজার, সাঁইথিয়া সহ জেলার বিস্তীর্ণ অঞ্চলে ২০টির বেশি কাঁচা ও মাটির বাড়ি ভেঙে পড়েছে। শত শত বিঘা চাষের জমি জলের তলায় চলে যাওয়ায় মাথায় হাত পড়েছে কৃষকদের।

যদিও বৃহস্পতিবার দুপুরের পর থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে, তবে জল সম্পূর্ণ না নামা পর্যন্ত বোলপুরবাসীর স্বস্তি ফেরার কোনো উপায় নেই। প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *