রাজ্যে হু হু করে বাড়ছে ডেঙ্গি! পরিস্থিতি সামলাতে সোজাসুজি মাঠে নামলেন মন্ত্রী অর্জুন সিং

বর্ষার মরশুমে রাজ্যে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি এবং ম্যালেরিয়ার প্রকোপ। পরিস্থিতি সামাল দিতে এবং জমা জল ও মশার উপদ্রব রুখতে এবার সরাসরি ময়দানে নামলেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের পরই আজ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও বাস ডিপো সরেজমিনে ঘুরে দেখেন তিনি।

রাজ্যে বাড়ছে ডেঙ্গি ও ম্যালেরিয়ার আতঙ্ক
স্বাস্থ্য দফতরের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে ডেঙ্গি ও ম্যালেরিয়ার সংক্রমণ উদ্বেগজনকহারে বাড়ছে। দিন দুয়েক আগে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছিলেন যে, ইতিমধ্যেই রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। গত এক মাসে নতুন করে প্রায় এক হাজার মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। গত ২২ জুলাই পর্যন্ত যেখানে আক্রান্তের সংখ্যা ছিল ১,৯৪৬, সেখানে ২৬ অগাস্ট তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩ হাজারে। বিশেষ করে দক্ষিণবঙ্গের ৫টি জেলায় ডেঙ্গির সংক্রমণ সবথেকে বেশি।

পাশাপাশি, স্বাস্থ্যমন্ত্রকে পাঠানো পরিসংখ্যান অনুযায়ী গত ৩১ জুলাই পর্যন্ত রাজ্যে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫,৫০২। এর মধ্যে শুধুমাত্র ‘প্লাসমোডিয়াম ফ্যালসিফেরাম’ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন ১,০৬২ জন।

মুখ্যমন্ত্রীর নির্দেশ ও মন্ত্রীর গ্রাউন্ড ভিজিট
পরিস্থিতি মোকাবিলায় গত মঙ্গলবার স্বাস্থ্যভবনে একটি জরুরি উচ্চপর্যায় বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত ডেঙ্গির মরশুম পুরোপুরি শেষ হয় না, ফলে এই সময়ে বাড়তি সতর্কতা জরুরি। সামান্য জ্বরকেও অবহেলা না করে দ্রুত বিনামূল্যে ডেঙ্গি পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, হটস্পট এলাকাগুলিতে মশার লার্ভা ধ্বংস করা এবং ফগিং মেশিন ব্যবহারের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরেই এদিন শহরের পরিদর্শনে বেরিয়ে পড়েন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। তিনি কলকাতার বেলগাছিয়া এবং মানিকতলা বাস ডিপো ঘুরে দেখেন। ডিপোগুলিতে কোথাও জল জমে রয়েছে কিনা, তা খতিয়ে দেখার পাশাপাশি ডিপো কর্তৃপক্ষকে দ্রুত জল নিষ্কাশনের কড়া নির্দেশ দেন তিনি।

বাস ডিপো পরিদর্শনের পর সোজা ইএসআই (ESI) হাসপাতালে চলে যান মন্ত্রী। বর্ষায় ডেঙ্গির বাড়বাড়ন্ত রুখতে হাসপাতালের পরিচ্ছন্নতা এবং সার্বিক পরিকাঠামো খতিয়ে দেখেন তিনি। সাধারণ মানুষ ও রোগীরা যাতে ডেঙ্গির কবলে না পড়েন, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন নোয়াপাড়ার বিধায়ক তথা মন্ত্রী অর্জুন সিং।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *