‘মা কে আম্মা, আকাশকে আসমান…!’ বাংলার সিলেবাস বদল নিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী

পূর্বতন সরকারের আমলে সুপরিকল্পিতভাবে বাংলার শিক্ষাব্যবস্থাকে বদলে দেওয়া হয়েছিল বলে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, বৃহস্পতিবার গোলপার্ক রামকৃষ্ণ মিশনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (RSS)-এর এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিগত তৃণমূল সরকারের শিক্ষানীতি ও সিলেবাস নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, বাংলার ঐতিহ্যবাহী শিক্ষা কাঠামো থেকে দেশপ্রেম এবং রাষ্ট্রবাদকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল।

পাঠ্যবইয়ে ভাষার বিকৃতি ও সিলেবাস নিয়ে ক্ষোভ
অনুষ্ঠানের মঞ্চ থেকে বিগত দিনের সিলেবাসের বিভিন্ন ত্রুটি তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, সুপরিকল্পিতভাবে ভাষার বিকৃতি ঘটানো হয়েছিল। তাঁর অভিযোগ, পাঠ্যবইয়ে ‘মা’-এর জায়গায় ‘আম্মা’ এবং ‘আকাশ’-এর জায়গায় ‘আসমান’ শব্দগুলি ব্যবহার করা হয়েছিল। এ প্রসঙ্গে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “এমনভাবে সিলেবাস তৈরি করা হয়েছিল, যার সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা স্বামী বিবেকানন্দের ভাবনার দূরদূরান্তের কোনো সম্পর্ক নেই। এর মাধ্যমে শিশুমনে বিভাজন তৈরি করা হয়েছিল।”

তৎকালীন শিক্ষাব্যবস্থার সমালোচনা করে মুখ্যমন্ত্রী আরও জানান, পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত নির্দিষ্ট একটি ধর্মের ছাত্রছাত্রীদেরই কেবল স্কলারশিপ দেওয়া হতো, যা অন্যান্য ধর্মের শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল না। পাঠ্যবইয়ের বিষয়বস্তু নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, পাঠ্যক্রমে টাটাদের ইতিহাস বা তৎকালীন মন্ত্রীদের উল্লেখ থাকলেও ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ সৃষ্টির আসল ইতিহাস বাদ দেওয়া হয়েছিল।

‘সঠিক সময়ে পরিবর্তন এসেছে’
বাম আমলের পর পরবর্তী সরকারের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, অতীতে বামপন্থীরাও বাংলার প্রচার ও প্রসারে বাধা সৃষ্টি করেছিল। তবে বর্তমান সময়ে বড় পরিবর্তন এসেছে উল্লেখ করে তিনি বলেন, “সঠিক সময়ে পরিবর্তন আসায় আমরা বেঁচে গিয়েছি। নচেৎ এই শিক্ষাব্যবস্থার সঙ্গে বাংলাদেশের ইসলামিক শিক্ষা ব্যবস্থার কোনো তফাৎ থাকত না।”

তিনি আরও জানান, রাজ্যে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরই প্রথম জাতীয় শিক্ষানীতি (NEP) কার্যকর করার সিদ্ধান্ত নেয় এবং স্কুলগুলিতে প্রার্থনার সময় সম্পূর্ণ ‘বন্দে মাতরম’ গানটি গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *