উপবাসের দিনে সাদা লবণ ছুঁতেও মানা! কেন ব্রতের খাবারে রান্নঘরে রাজত্ব করে শুধু সৈন্ধব লবণ?

সোমবারের শিবপুজো, নবরাত্রির উপবাস কিংবা যেকোনো একাদশীর মতো পবিত্র দিনগুলিতে আপামর বাঙালির হেঁশেলের ছবিটা যেন হঠাৎই বদলে যায়। সারা বছর রান্নায় সাধারণ সাদা লবণ ছাড়া এক পা-ও চলা মুশকিল হলেও, ব্রতের দিনটিতে সেই লবণ ছোঁয়াই বারণ থাকে বহু বাড়িতে! তার পরিবর্তে অত্যন্ত যত্ন সহকারে রান্নাঘরে এন্ট্রি নেয় ‘সৈন্ধব লবণ’ বা রক সল্ট (Rock Salt)। কিন্তু প্রথাগত এই নিয়মের নেপথ্যে কি কেবলই ঠাকুমা-দিদিমাদের আমল থেকে চলে আসা অন্ধ বিশ্বাস, নাকি লুকিয়ে রয়েছে গভীর বিজ্ঞান ও শাস্ত্রীয় রহস্য?
শাস্ত্র ও বিজ্ঞান কী বলছে?
হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী, যেকোনো উপবাস পালনের মূল উদ্দেশ্য শুধুমাত্র সারাদিন না খেয়ে থাকা নয়, বরং নিজের শরীর ও মনকে সম্পূর্ণ ভেজালহীন ও শুদ্ধ রাখা। এবার প্রশ্ন উঠতেই পারে, সৈন্ধব লবণ কীভাবে তৈরি হয়? সাধারণ লবণের মতো এটি কৃত্রিমভাবে তৈরি নয়, বরং সরাসরি হিমালয়ের পাথর বা খনি থেকে সংগ্রহ করা হয়। প্রকৃতি যেভাবে এই লবণ আমাদের উপহার দেয়, ঠিক সেই অবস্থাতেই তা পাতে পড়ে। একে রিফাইন করার জন্য যেমন কোনো কারখানায় নিয়ে যাওয়ার প্রয়োজন হয় না, তেমনই মেশাতে হয় না কোনো কৃত্রিম কেমিক্যাল। আর সেই কারণেই শাস্ত্রের চোখে এই অবিকৃত লবণকে ‘সাত্ত্বিক’ বা সবচেয়ে পবিত্র খাদ্যের তকমা দেওয়া হয়েছে।
সাদা লবণের প্রক্রিয়াকরণ ও শাস্ত্রের আপত্তি
অন্যদিকে, আমাদের প্রতিদিনের রান্নায় যে সাদা লবণ ব্যবহার করা হয়, তা সমুদ্রের জল বাষ্পীভূত করে তৈরি করা হয়। তবে গল্প এখানেই শেষ নয়। বাজারজাত করার আগে সেই লবণকে ঝকঝকে ও সাদা করার জন্য কারখানায় একাধিক রাসায়নিক এবং প্রিজারভেটিভ মেশানো হয়। পাশাপাশি, শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে এও মনে করা হয় যে, সমুদ্রের জল থেকে লবণ তৈরির প্রক্রিয়ায় বহু জলজ অনুজীবের প্রাণহানি ঘটে। সেই কারণে এই প্রক্রিয়াজাত লবণকে ব্রতের মতো পবিত্র ও সাত্ত্বিক উপবাসের জন্য সম্পূর্ণ অনুপযুক্ত বলে মনে করা হয়।
শারীরিক উপযোগিতাও অনস্বীকার্য
শুধু শাস্ত্রীয় বা ধর্মীয় কারণই নয়, বৈজ্ঞানিক ও শারীরিক দিক থেকেও সৈন্ধব লবণের রয়েছে দারুণ কিছু উপকারিতা। কারখানায় তৈরি রিফাইন্ড সাদা লবণ অতিরিক্ত খেলে পেটে গ্যাস, অস্বস্তিকর ভারী ভাব বা ক্লান্তি চলে আসতে পারে। উল্টোদিকে, খনিজ সমৃদ্ধ সৈন্ধব লবণ রক্তচাপ ও মেটাবলিজম নিয়ন্ত্রণে রেখে উপবাসের দিনেও শরীরকে চাঙ্গা রাখতে সাহায্য করে। তাই যখনই ব্রতের পাতে এই বিশেষ লবণ দেখবেন, তখন বুঝবেন এটি কেবল কোনো প্রাচীন নিয়ম নয়, বরং শরীর সুস্থ ও চনমনে রাখার এক দারুণ উপায়ও বটে!