পচা ডিম, বাসি মাংস আর ডেট-এক্সপায়ার্ড খাবারে সয়লাব বাজার! বড়সড় অভিযানে কাঁপুনি ব্যবসায়ীদের

উৎসবের মরশুমের আগে সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগে বড়সড় অভিযানে নামল প্রশাসন। এগরা শহরে খাদ্য সুরক্ষা দপ্তর ও পুলিশের যৌথ উদ্যোগে এক আকস্মিক অভিযানে শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শহরের একটি চানাচুর ফ্যাক্টরি এবং একাধিক নামী রেস্তোরাঁয় তল্লাশি চালিয়ে যা উদ্ধার হয়েছে, তা দেখলে যে কারও চোখ কপালে উঠবে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এগরার একটি চানাচুর কারখানায় হানা দিয়ে বিপুল পরিমাণে মেয়াদউত্তীর্ণ (Expired) চকোলেট, বিস্কুট এবং প্যাকেটজাত চানাচুর উদ্ধার করা হয়েছে। শুধু তাই নয়, শহরের একাধিক রেস্তোরাঁ ও খাবারের দোকানে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে বাসি, পচা মাংস ও নষ্ট হয়ে যাওয়া ডিম। এখানেই শেষ নয়, রান্না করা খাবারে স্বাদ ও রং বাড়ানোর জন্য নিষিদ্ধ ও ক্ষতিকর রাসায়নিক রঙ ব্যবহার করা হচ্ছিল বলেও গুরুতর অভিযোগ উঠেছে।
খাদ্য সুরক্ষা দপ্তরের এই ঝটিকা অভিযানের জেরে শহরের খাদ্য ব্যবসায়ীদের মধ্যে তীব্র হাড়হিম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভেজাল ও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এই সমস্ত খাদ্যসামগ্রী বাজেট করার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।