যাদবপুরে রাতারাতি ফের দেওয়াল দখল! ত্রিগুণা সেন অডিটোরিয়ামে জাতীয়তাবাদী সম্মেলনের আগেই ধুন্ধুমার বিশ্ববিদ্যালয় চত্বরে

দেওয়াল মোছা আর দেওয়াল লিখনকে কেন্দ্র করে ফের তপ্ত হয়ে উঠেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। একদিকে পুরসভার তরফে দেওয়াল পরিষ্কারের প্রক্রিয়া চললেও, অন্যদিকে রাতের অন্ধকারে ফের সেই দেওয়ালই রঙ করে নতুন করে পোস্টার ও স্লোগান সাঁটার অভিযোগ উঠল। বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ত্রিগুণা সেন অডিটোরিয়ামে একটি ‘জাতীয়তাবাদী সম্মেলন’ হওয়ার কথা রয়েছে। আর ঠিক তার আগের দিনই ক্যাম্পাসের দেওয়ালগুলিতে নতুন পোস্টার এবং আক্রমণাত্মক স্লোগান দেখতে পাওয়া ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার রাতে। সেদিন পুরসভার পক্ষ থেকে যাদবপুরের বেশ কিছু দেওয়াল থেকে বিভিন্ন রাজনৈতিক ও প্রতিবাদী স্লোগান মুছে ফেলা হয়। সেই মোছা দেওয়ালগুলির একটিতে মূলত ‘ফ্যাসিস্টদের কী শাস্তি হওয়া উচিৎ’—এই মর্মে একটি বিশেষ বার্তা লেখা ছিল। কিন্তু সেই নির্দেশ বা মোছার কাজকে বুড়ো আঙুল দেখিয়ে বুধবার রাতেই ফের ওই দেওয়ালে নতুন করে লেখালেখি শুরু হয়। ফলস্বরূপ, বৃহস্পতিবার সকালেও ক্যাম্পাসের দেওয়ালগুলিতে নতুন স্লোগানের বন্যা দেখতে পাওয়া যায়।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই দেওয়াল দখল ও পাল্টা দখলের রাজনীতি নতুন কিছু না হলেও, আজ ত্রিগুণা সেন অডিটোরিয়ামে জাতীয়তাবাদী সম্মেলনকে কেন্দ্র করে এই ঘটনায় বাড়তি রাজনৈতিক মাত্রা যোগ হয়েছে। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ক্যাম্পাসের অন্দরে নজরদারি বাড়ানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *