বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন সৃজলা গুহ! ক্যাপ্টেনের সঙ্গে তুমুল ঝামেলার নেপথ্যে কী?

বিগ বসের বাড়িতে প্রতিদিনের নিয়মেই নতুন নতুন নাটক এবং উত্তেজনার পারদ চড়ছে। শো-এর একেবারে শুরু থেকেই প্রতিযোগীদের মধ্যে দ্বন্দ্ব আর ঝামেলা যেন লেগেই রয়েছে। বিশেষ করে ‘বিগ বস বাংলা’ হাউজের প্রথম ক্যাপ্টেন হওয়ার পর থেকেই ভরত কলের সঙ্গে বিভিন্ন প্রতিযোগীদের মতপার্থক্য ও অশান্তি প্রকাশ্যে আসছে। তনুশ্রী রায় দাসের সঙ্গে গণ্ডগোলের রেশ কাটতে না কাটতেই এবার অভিনেতা ভরত কলের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেন জনপ্রিয় অভিনেত্রী সৃজলা গুহ।
ঠিক কী ঘটেছিল বিগ বসের ঘরে?
বিগ বস হাউজের তৃতীয় দিনে প্রতিযোগীদের জন্য পরপর তিনটি টাস্ক বা কাজের নির্দেশ দেয় বিগ বস। নিয়ম অনুযায়ী, সেই কাজগুলো করতে হয় ডাগআউট হাউজে থাকা সদস্যদের। আর মূল হাউজের সদস্যরা তাঁদের কাজ নিখুঁতভাবে সুপারভাইজ করেন। এমতাবস্থায় টাস্ক শেষ হওয়ার পর ডাগআউটের সদস্যরা যখন রান্না করতে আসেন, তখন সৃজলা গুহ তাঁদের সুবিধার্থে বাটি ও অন্যান্য বাসনপত্র এগিয়ে দেন। আর এখানেইত্তি বাধে বিপত্তি।
ক্যাপ্টেনের অনুমতি না নিয়ে কেন ডাগআউটের সদস্যদের রান্নার সরঞ্জাম বা ছুরি দেওয়া হলো, এই প্রশ্ন তুলে সৃজলার ওপর চড়াও হন ভরত কল। পাল্টা জবাবে সৃজলা স্পষ্ট জানান, ডাগআউটের সদস্যরা সকাল থেকে না খেয়ে কঠিন পরিশ্রম করে কাজ করছেন, তাঁদের সামান্য সাহায্য করা কি অন্যায়? এভাবে সবার সামনে তাঁকে কাঠগড়ায় দাঁড় করানোর পর নিজেকে একা অনুভব করে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী। তিনি অভিযোগ করেন, একদিকে তিনি একা এবং অন্যদিকে পুরো বাড়ি তাঁর বিপক্ষে। ভরত ও সৃজলার এই ঝামেলা আগামী দিনে কোন মোড় নেয়, এখন সেটাই দেখার।
টাস্কের মাঝে ঘুম ও অন্যান্য সমীকরণ
জানা গিয়েছে, বিগ বসের দেওয়া তিনটি কঠিন টাস্কই অত্যন্ত সাফল্যের সঙ্গে শেষ করেন ডাগআউটের প্রতিযোগীরা। মূল হাউজের বাকি সদস্যরাও তাঁদের উৎসাহ দেন এবং কাজ কাছ থেকে পর্যবেক্ষণ করেন। এমনকি ক্যাপ্টেন নিজেও তাঁদের কাজে সন্তোষ প্রকাশ করেন। তবে এই গোটা ঘটনার মাঝে একমাত্র অনুপস্থিত ছিলেন অনিন্দ্য সেনগুপ্ত। টাস্ক চলাকালীন তিনি গভীর ঘুমে মগ্ন ছিলেন বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ৩০ আগস্ট থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় শুরু হয়েছে ‘বিগ বস বাংলা’। স্টার জলসার পর্দায় প্রতিদিন রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সম্প্রচারিত এই রিয়েলিটি শো-তে ভরত কল, মনামী ঘোষ, সোনামণি সাহা, অনিন্দ্য সেনগুপ্ত, দীপেন্দু বিশ্বাস, দুর্নিবার সাহা, ঝিলম গুপ্ত, নিরঞ্জন মণ্ডল ও নন্দিনী দত্তের মতো নামী তারকারা অংশ নিয়েছেন, যা শুরু থেকেই দর্শকদের বিনোদনের খোরাক জোগাচ্ছে।