মাত্র ৫ ঘণ্টায় জন্ম হয়েছিল চাঁদের! পৃথিবীর বুকে আছড়ে পড়া উল্কার রহস্য ফাঁস করলেন বিজ্ঞানীরা

চাঁদ ঠিক কীভাবে জন্ম নিয়েছিল? কোটি কোটি বছর ধরে চলা এই রহস্যের জট এবার হয়তো খুলতে চলেছেন বিজ্ঞানীরা। সাউথ ওয়েস্ট রিসার্চ ইনস্টিটিউট এবং ইউনিভার্সিটি অফ অ্যারিজোনার গবেষকরা চাঁদের উৎপত্তি নিয়ে এক অভিনব ও চমকপ্রদ তত্ত্ব সামনে এনেছেন। সাম্প্রতিক গবেষণা অনুযায়ী, চাঁদের সৃষ্টি হতে নাকি মাত্র পাঁচ ঘণ্টা সময় লেগেছিল!
কীভাবে জন্ম হয়েছিল চাঁদের? এস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্সে (Astrophysical Journal Letters) প্রকাশিত এই নতুন গবেষণায় দাবি করা হয়েছে যে, আজ থেকে প্রায় সাড়ে চারশো কোটি বছর আগে পৃথিবী এবং ‘থিয়া’ (Theia) নামের মঙ্গলের সমান আকারের একটি গ্রহের মধ্যে মারাত্মক সংঘর্ষ হয়েছিল। এতদিন বিজ্ঞানীদের ধারণা ছিল, এই সংঘর্ষের ফলে ছিটকে যাওয়া ধ্বংসাবশেষ মহাকাশে দীর্ঘদিন ধরে ঘুরতে ঘুরতে ধীরে ধীরে আজকের গোলাকার চাঁদের রূপ নিয়েছে।
নতুন গবেষণার চাঞ্চল্যকর তথ্য: শক্তিশালী কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে বিজ্ঞানীরা দেখেছেন, সংঘর্ষের পর তাপমাত্রার তারতম্য এবং গ্রহের ধ্বংসাবশেষের ওপর ভিত্তি করে এই প্রক্রিয়াটি অত্যন্ত দ্রুত ঘটে থাকতে পারে। গবেষকদের একাংশের মতে, পৃথিবীর চেয়ে থিয়া গ্রহের ধ্বংস হওয়ার সম্ভাবনা বেশি ছিল এবং সেই ছিটকে যাওয়া ধ্বংসাবশেষ থেকেই মাত্র ৫ ঘণ্টার মধ্যে চাঁদ রূপ নিয়েছিল।
মহাকাশ গবেষকদের আশা, চাঁদের এই নতুন জন্মরহস্য উন্মোচিত হওয়ায় আগামী দিনে পৃথিবীর একমাত্র উপগ্রহটিকে আরও গভীরভাবে বুঝতে বড় সাহায্য মিলবে।