পুড়ে ছাই ৩৫টি ই-স্কুটার, মাথার ওপর স্কুল থাকায় তীব্র আতঙ্ক, হইচই পানাগড়ে

সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়াল পানাগড়ের দার্জিলিং মোড় এলাকায়। মঙ্গলবার সকাল সাতটা নাগাদ একটি ই-স্কুটারের শোরুমে হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন গ্রাস করে পুরো শোরুমটিকে, যার জেরে ভেতরে থাকা ৩৫টি ইলেকট্রিক স্কুটার সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে তিনতলা ভবনটির নিচে ওই শোরুমটি ছিল, তার ঠিক ওপরেই রয়েছে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম প্রি-প্রাইমারি স্কুল এবং তার ওপরের তলায় লোকজন বসবাস করেন। মঙ্গলবার সকালে প্রথমে ওই আবাসনের বাসিন্দারাই শোরুম থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন। মুহূর্তের মধ্যে পুরো এলাকা ঘন ধোঁয়ায় ঢেকে যাওয়ায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। ওপরে স্কুল ও আবাসিকরা থাকায় বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকল ও কাঁকসা থানার পুলিশ। দমকলের একটি ইঞ্জিনের প্রায় এক ঘণ্টার নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এই অগ্নিকাণ্ডের ঘটনায় বড় ধরনের কোনো হতাহতের খবর মেলেনি বলে জানিয়েছেন দমকল আধিকারিক বিশ্বজিৎ মুর্মু। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের ফলেই এই আগুন লেগেছে। তবে কীভাবে আগুন লাগল, তা নিশ্চিত করতে দমকল ও পুলিশ যৌথভাবে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।