‘শহরের রাস্তা রেসিং ট্র্যাক নয়!’ বন্ধুর মাকে দেখতে গিয়ে দুর্ঘটনার শিকার অগ্নিদেবের ছেলে, চরম ক্ষোভ

টলিউডের জনপ্রিয় দম্পতি সুদীপা চট্টোপাধ্যায় এবং পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের পরিবারে ফের নেমে এল চরম উদ্বেগ। গত রবিবার রাতে মারাত্মক গাড়ি দুর্ঘটনার মুখে পড়েছেন পরিচালকের বড় ছেলে আকাশ চট্টোপাধ্যায়। তবে বরাতজোরে বড় বিপদের হাত থেকে রক্ষা পেলেও দুমড়ে-মুচড়ে গেছে তাঁর গাড়িটি।
জানা গিয়েছে, রবিবার রাতে এক বন্ধুর মাকে হাসপাতাল দেখে নিজের বাড়ি ফিরছিলেন আকাশ। সেই সময়ই আচমকা সিগন্যালে একটি বেপরোয়া গাড়ি তাঁর গাড়ির সামনে এসে সজোরে ধাক্কা মারে। শুধু তাই নয়, ধাক্কা দিয়েই চালক গাড়ি নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। ঘটনার ক্ষোভ উগরে দিয়ে আকাশ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করেন। তিনি জানান, ওই ঘাতক গাড়িটি এতটাই বেপরোয়াভাবে চালানো হচ্ছিল যে সেটি প্রথমে ফুটপাতে ধাক্কা মারে এবং পরে তাঁর গাড়িটিকেও ক্ষতিগ্রস্ত করে। কলকাতার রাস্তায় এ ধরনের বেপরোয়া গাড়ি চালকদের বিরুদ্ধে সোচ্চার হয়ে আকাশ লিখেছেন, শহর কোণও রেসিং ট্র্যাক নয় যে এভাবে অন্যের জীবন ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হবে।
পুলিশের কাছে কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের না করলেও, অভিযুক্ত গাড়ির ছবি ও ভিডিও তুলে কলকাতা ট্রাফিক পুলিশকে ট্যাগ করেছেন আকাশ। ঘটনার পর সংবাদমাধ্যমকে সুদীপা চট্টোপাধ্যায় জানান, বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত, তবে ঈশ্বরের কৃপায় বড় রক্ষা। আকাশের কোনো শারীরিক আঘাত না লাগলেও শখের গাড়িটি ক্ষতিগ্রস্ত হওয়ায় মন খারাপ সকলের। প্রসঙ্গত, কিছুদিন আগেই অসুস্থতার কারণে পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল, যার জেরে এমনিতেই মানসিক চাপের মধ্যে ছিলেন সুদীপা। এর মধ্যেই ছেলের এই দুর্ঘটনায় ফের উদ্বেগের ছায়া নেমেছে চট্টোপাধ্যায় পরিবারে।