সরে যাওয়ার কথা থাকলেও কাটল না বিপদ! দক্ষিণবঙ্গের মাথার ওপর ঠায় দাঁড়িয়ে কোন ভয়ংকর নিম্নচাপ?

সোমবার থেকেই দক্ষিণবঙ্গজুড়ে শুরু হয়ে গিয়েছে বৃষ্টির খেলা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সোমবারই এই নিম্নচাপের দক্ষিণবঙ্গের উপর থেকে সরে যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ পাওয়া আপডেট অনুযায়ী, গত প্রায় ৪৮ ঘণ্টা ধরে নিম্নচাপটি রাজ্যের মাথার উপর এক জায়গায় ঠায় দাঁড়িয়ে রয়েছে এবং কিছুতেই সরে যাচ্ছে না। আর সেই কারণেই পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়নি। মূলত উত্তর ওড়িশার উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপটির সরে যাওয়ার কথা থাকলেও, তার সঙ্গে সক্রিয় মৌসুমি অক্ষরেখার জোড়া প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ব্যাপক বৃষ্টির পূর্বাভাস বজায় রয়েছে।
সোমবার রাত থেকেই পরিস্থিতি অন্য মোড় নেয়। মঙ্গলবার ভোর হওয়ার আগেই রাজ্যের জেলাগুলিতে মুষলধারে বৃষ্টি শুরু হয়, যার থেকে বাদ যায়নি কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলও। সোমবার রাত দশটার পর থেকেই কলকাতার বিস্তীর্ণ এলাকায় ঝেঁপে বৃষ্টি নামে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ অর্থাৎ মঙ্গলবার মূলত পশ্চিমের চার জেলায় প্রবল ভারী বৃষ্টির তীব্র সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলি হলো পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম। পাশাপাশি রাজধানী কলকাতাসহ মধ্যবঙ্গের মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতেও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
অন্যদিকে, শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গের আবহাওয়াতেও বড় বদলের সম্ভাবনা দেখা দিয়েছে। আজ থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। পাহাড় থেকে শুরু করে ডুয়ার্সের উপরের দিকের জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। সার্বিকভাবে গোটা রাজ্য জুড়েই বর্ষার এই নতুন দাপটে জনজীবন বেশ কিছুটা ব্যাহত হয়েছে।