২৬ হাজার শিক্ষক নিয়োগে বিরাট ধাক্কা! ডেডলাইন পার হতেই আরও ৮ মাস সময় চাইল রাজ্য

দুর্নীতি ও বেনিয়মের অভিযোগে চাকরি হারিয়েছিলেন ২৬ হাজার শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মী। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, আগামী ৩১ অগস্টের মধ্যেই এই শূন্যপদে নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার কথা ছিল। কিন্তু ওবিসি সংরক্ষণ সংক্রান্ত জট এবং আইনি জটিলতার জেরে সেই ডেডলাইনের মধ্যে নিয়োগ সম্পন্ন করা সম্ভব হয়নি। আর সেই কারণেই শীর্ষ আদালতের কাছে আরও আট মাস সময় চেয়ে আবেদন করল রাজ্য সরকার। আগামী বছরের অর্থাৎ ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত সময় চেয়ে এসএসসির তরফে এই আবেদন জানানো হয়েছে।
আজ, সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সচিন সচদেবার বেঞ্চে এই মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনানি হওয়ার কথা রয়েছে।
কী ছিল আদালতের মূল নির্দেশ?
অনিয়মের অভিযোগে ২০১৬ সালের নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষক নিয়োগের পুরো প্যানেলই বাতিল করে দিয়েছিল আদালত। এরপর নতুন করে স্বচ্ছ প্রক্রিয়ায় শিক্ষক নিয়োগের জন্য ৩১ অগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দেয় শীর্ষ আদালত। নির্দেশ ছিল, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত চাকরিহারাদের বেতন চালু থাকবে। কিন্তু প্রক্রিয়া থমকে যাওয়ায় রাজ্যজুড়ে ফের চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।
কেন এই বিলম্ব, কী জানাল এসএসসি?
নির্ধারিত সময়ের মধ্যে যে ২৬ হাজার শূন্যপদে নিয়োগ সম্ভব নয়, তা আগেই সাংবাদিক বৈঠক করে স্পষ্ট করে দিয়েছিল স্কুল সার্ভিস কমিশন (SSC)। এসএসসির চেয়ারম্যান দুষ্যন্ত নারিয়ালা জানান, জাতিগত সংরক্ষণ বা ওবিসি নীতি নিখুঁতভাবে কার্যকরী করতে আইনি পরামর্শ নেওয়ার প্রয়োজন ছিল। আর সেই কারণেই নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা যায়নি। এখন দেখার, সুপ্রিম কোর্ট রাজ্যের এই অতিরিক্ত সময়ের আবেদন মঞ্জুর করে কি না।