পুজোয় বাড়ি ফেরা নিয়ে দুশ্চিন্তা? যাত্রীদের স্বস্তি দিতে বড় সিদ্ধান্ত রেলের, চলবে একাধিক স্পেশাল ট্রেন

আসন্ন উৎসবের মরসুমে যাত্রীদের যাতায়াত সুগম করতে এবং অতিরিক্ত ভিড়ের চাপ কমাতে বড় পদক্ষেপ নিল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে তিন জোড়া ফেস্টিভাল স্পেশাল ট্রেনের পরিষেবার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেল সূত্রে জানানো হয়েছে, যে ট্রেনগুলির পরিষেবা বাড়ানো হয়েছে, তার মধ্যে রয়েছে কাটিহার-অমৃতসর-কাটিহার (০৫৭৩৬/০৫৭৩৫), ডিব্রুগড়-কলকাতা-ডিব্রুগড় (০৫৯৩২/০৫৯৩১) এবং ভাগলপুর-কাটিহার-ভাগলপুর (০৩৪০৭/০৩৪০৮) ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেনগুলি। উৎসবের মরসুমে প্রতিদিনের যাত্রীদের সম্ভাব্য ভিড় সামাল দিতেই এই রুটগুলিতে ট্রেনের ট্রিপ সংখ্যা বাড়ানোর এই ঘোষণা। ট্রেনগুলি তাদের পূর্বনির্ধারিত সময়সূচি, কোচ কম্পোজিশন এবং স্টপেজ অনুযায়ীই চলাচল করবে।
কোন ট্রেনের মেয়াদ কতদিন বাড়ল?
কাটিহার-অমৃতসর স্পেশাল (০৫৭৩৬): ৯ সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত অতিরিক্ত ১২টি ট্রিপ চালাবে। ফিরতি পথে অমৃতসর-কাটিহার স্পেশাল (০৫৭৩৫) চলবে ১১ সেপ্টেম্বর থেকে ২৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
ডিব্রুগড়-কলকাতা স্পেশাল (০৫৯৩২): ৫ সেপ্টেম্বর থেকে ২৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত অতিরিক্ত ১৩টি ট্রিপে চলাচল করবে। অন্যদিকে, কলকাতা-ডিব্রুগড় স্পেশাল (০৫৯৩১) চলবে ৭ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এই ট্রেনটি মোট ২২টি কোচ নিয়ে যাতায়াত করবে।
রেল কর্তৃপক্ষের আশা, ব্যস্ততম এই রুটগুলিতে অতিরিক্ত ট্রেন চালানোর ফলে যাত্রীরা চরম ভিড় এড়িয়ে স্বস্তিতে যাতায়াত করতে পারবেন। ট্রেনের নির্দিষ্ট সময়সূচি, স্টপেজ ও টিকিটের বুকিং সংক্রান্ত বিস্তারিত তথ্য আইআরসিটিসি (IRCTC)-র অফিসিয়াল ওয়েবসাইট এবং উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে পাওয়া যাবে। যাত্রা করার আগে যাত্রীদের সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করে নেওয়ার অনুরোধ জানিয়েছে রেল প্রশাসন।