৩৭ কোটি গ্যালন জলের ভয়ানক টাইম বোমা! নেপালের মাথার ওপর ঝুলছে কোন মহাবিপদ?

মারাত্মক হিমবাহ ধস ও হড়পা বানের রেশ কাটতে না কাটতেই নেপালের জন্য ফের এল নতুন বিপদের সতর্কতা। পাহাড়ি উপত্যকার আকাশে-বাতাসে ফের জোরালো হচ্ছে ধ্বংসের আশঙ্কা। স্যাটেলাইট চিত্রে পাহাড়ের খাঁজে বিপজ্জনকভাবে জল জমে থাকতে দেখার পর নেপালকে আগাম সতর্কবার্তা পাঠিয়েছে চিন।

চিনের জলসম্পদ মন্ত্রক ও সংবাদসংস্থা শিনহুয়া সূত্রে জানা গিয়েছে, হিমবাহ ধসের জেরে এর আগে একটি হ্রদ তৈরি হলেও, এবার তার থেকে আরও উঁচুতে আরও একটি অত্যন্ত বিপজ্জনক অস্থায়ী জলাধার বা হ্রদ তৈরি হয়েছে। ওই নতুন অস্থায়ী জলাধারে এখনও পর্যন্ত প্রায় ৩৭ কোটি গ্যালন জল বন্দি হয়ে রয়েছে, যা চাইলেও সহজে বেরিয়ে যেতে পারছে না। ক্রমাগত জল জমতে থাকায় যে কোনও মুহূর্তে এই জলাধার ফেটে বা উপচে পড়ার আশঙ্কা রয়েছে। আর তেমনটা ঘটলে নিমেষে প্রলয়ঙ্করী হড়পা বানে ফের ভেসে যেতে পারে নেপালের বিস্তীর্ণ জনপদ।

যদিও প্রথম হ্রদটি থেকে নদীর মাধ্যমে কিছুটা জল স্বাভাবিকভাবেই নিষ্কাশিত হওয়ায় সেটিকে নিয়ে ততটা আতঙ্ক নেই, তবে উপরের ওই বিশাল জলাধারটি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। পরিস্থিতি বিচার করে ইতিমধ্যেই নেপালের জাতীয় দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ গোটা অঞ্চলে বাড়তি সতর্কতা জারি করেছে। বন্যা কবলিত এলাকায় কর্মরত উদ্ধারকারী দলগুলিকেও সর্বক্ষণ প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। চিনের এই চাঞ্চল্যকর সতর্কবার্তার পর থেকেই পাহাড়ি ওই উপত্যকায় নতুন করে চরম আতঙ্ক ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *