চোরাচালান রুখতে অন্য রূপ পুলিশের! খেলাধুলোর মাধ্যমে তরুণদের মূলস্রোতে ফেরাতে শুরু মেগা টুর্নামেন্ট

মুর্শিদাবাদের বিস্তীর্ণ সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের বেড়া না থাকার সুযোগ নিয়ে যুবসমাজকে অপরাধমূলক ও মাদক চক্রের হাত থেকে বাঁচাতে এক যুগান্তকারী ও অভিনব পদক্ষেপ করল জেলা পুলিশ। তরুণ প্রজন্মকে খারাপ পথ থেকে দূরে সরিয়ে খেলাধুলা ও পড়াশোনায় মনোনিবেশ করাতে রাণীনগর থানার উদ্যোগে শুরু হয়েছে ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট—‘সীমান্ত সম্প্রীতি কাপ ২০২৬’।

পুলিশ প্রশাসনের বিশেষ উদ্যোগ: রাণীনগর থানা সংলগ্ন মাঠে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মাক্কার, লালবাগ অতিরিক্ত জেলা পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি, ডোমকল এসডিপিও রজত কুমার ঘোষ, ডোমকল সিআই অমিত নন্দী এবং রানীনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুরজিৎ হালদার। টুর্নামেন্টের উদ্বোধনের পাশাপাশি নবনির্মিত থানার ভারপ্রাপ্ত আধিকারিকের ঘরেরও উদ্বোধন করেন পুলিশ সুপার।

ম্যাচের বিবরণ ও পুরস্কার: উদ্বোধনী দিনে মরিচা অ্যাকাডেমি ও শেখপাড়া প্রগতি সংঘ এবং দ্বিতীয় খেলায় রাণীনগর থানা ও নবীপুর আর.এম ক্লাবের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। আগামী ৫ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচের মাধ্যমে এই প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে। বিজয়ী দল ট্রফি সহ ১৫,০০১ টাকা এবং রানার্স-আপ দল ১০,০০১ টাকা নগদ পুরস্কার পাবে। এছাড়াও প্রতি ম্যাচের সেরা খেলোয়াড় সহ ফাইনাল খেলায় ‘ম্যান অফ দ্য টুর্নামেন্ট’, ‘বেস্ট গোলকিপার’ এবং ‘সর্বোচ্চ গোলদাতা’কে বিশেষ সম্মাননা জানানো হবে। পুলিশের এই জনমুখী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সীমান্ত এলাকার সাধারণ মানুষ ও যুবসমাজ ব্যাপক উদ্দীপনা প্রকাশ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *