ক্ষমতার অহংকার নাকি চরম ঔদ্ধত্য? নয়ডার অভিজাত আবাসনে নিরাপত্তারক্ষীদের ওপর মহিলার লাথি-চড়! ছিঃ ছিঃ পুরো দেশে

সামান্য অনলাইন ফুড ডেলিভারি নিয়ে ধুন্ধুমার কাণ্ড! ডেলিভারি বয়কে গেটে নিয়মমাফিক আটকানোর জেরে গ্রেটার নয়ডার একটি অভিজাত আবাসনে নিরাপত্তারক্ষীদের ওপর চরম ঔদ্ধত্য দেখানোর অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। গালিগালাজ, প্রকাশ্য হুমকি, গায়ে হাত তোলা থেকে শুরু করে জাতপাত তুলে চরম অপমানের সেই দৃশ্য ক্যামেরাবন্দি হতেই তা সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে।
ঠিক কী ঘটেছিল নয়ডার আবাসনে? গ্রেটার নয়ডা ওয়েস্টের বিসরাখ থানা এলাকার ‘আম্রপালি সেঞ্চুরিয়ান পার্ক টেরেস হোমস’ আবাসনে গত বুধবার রাতে এই ঘটনা ঘটে। অনলাইন থেকে খাবার অর্ডার করেছিলেন ওই মহিলা। আবাসনের নিয়ম অনুযায়ী, নিরাপত্তারক্ষীরা গেটে ডেলিভারি বয়কে আটকে তাঁর পরিচয় যাচাই করার চেষ্টা করেন। আর এতেই আমিত্তে চড়ে বড়ে মহিলার। প্রচণ্ড রেগে তিনি ফ্ল্যাট থেকে নিচে নেমে এসে নিরাপত্তারক্ষীদের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন এবং একের পর এক অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন।
লাথি, চড় ও জাতপাত তুলে অপমান: ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, মহিলার ঔদ্ধত্য এখানেই থামেনি। তিনি চেয়ারে বসে থাকা এক রক্ষীকে সজোরে লাথি মারার চেষ্টা করেন এবং অন্য এক রক্ষীকেও আঘাত করেন। রক্ষীদের আর্থিক অবস্থা নিয়ে ব্যঙ্গ করে তাঁকে দম্ভের সুরে বলতে শোনা যায়, ‘‘আমার সামনে তোর কোনো যোগ্যতা নেই, তোকে দিয়ে জুতো পরিষ্কার করাব!’’ এমনকি পুলিশ ডাকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি চিৎকার করতে থাকেন। অভিযোগ উঠেছে, এই বচসার সময় তিনি দলিত ও জাতিগত বিদ্বেষমূলক মন্তব্যও করেছেন।
নিন্দা ও পুলিশের পদক্ষেপ: টাকা ও ক্ষমতার জোরে খেটে খাওয়া সাধারণ মানুষকে এভাবে অসম্মান করার এই ঘটনায় তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। চরম প্ররোচনা সত্ত্বেও যেভাবে নিরাপত্তারক্ষীরা অসীম ধৈর্য বজায় রেখেছেন, তার ভূয়সী প্রশংসা করেছেন সকলে। এদিকে ঘটনার গুরুত্ব বুঝে নড়েচড়ে বসেছে পুলিশ। বিসরাখ থানার পুলিশ জানিয়েছে, ভাইরাল ভিডিও এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত মহিলার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বহুতল আবাসনে কর্মরত সাধারণ কর্মীদের সঙ্গে এই ধরনের অমানবিক আচরণ ফের একবার সমাজের অন্ধ দিকটিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।