এক ক্লিকেই জানুন আপনার রাজত্বে কে ছিল! ‘মন কি বাত’-এ কোন দুর্দান্ত ওয়েবসাইটের কথা ফাঁস করলেন মোদী?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৭তম পর্বে দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষের ইনোভেটিভ আইডিয়া এবং অসামান্য সাফল্যের গল্প তুলে ধরেন। এদিনের পর্বে যুবসমাজ থেকে শুরু করে মহিলা ক্ষমতায়ন এবং পরিচ্ছন্নতা অভিযানের বিভিন্ন দিক নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।
ওয়েবসাইট দিয়ে ইতিহাস জানার অভিনব উদ্যোগ: এদিনের পর্বে একটি বিশেষ ওয়েবসাইটের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, মুম্বইয়ের এক যুবক কৃষ্ণা WWW.BHARATRAJYA.com নামে একটি সহজ ওয়েবসাইট তৈরি করেছেন। এই সাইটে গিয়ে যে কোনো একটি সাল বেছে নিলেই জানা যাবে, সেই সময়ে ভারতের কোন অংশে কার শাসনকাল ছিল। ইতিহাসের এই অভিনব ও সহজ উপস্থাপনার ভূয়সী প্রশংসা করেন মোদী।
রামপুরের দুই তরুণের ‘ক্লিন-আপ’ মিশন: উত্তরপ্রদেশের রামপুরের পাতওয়াই গ্রামের দুই বন্ধু আকাশ ও রোহন এলাকার জঞ্জাল পরিষ্কারের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন। তাঁদের দেখাদেখি ধীরে ধীরে অন্য যুবকরাও যুক্ত হন এবং গড়ে ওঠে ‘ক্লিন-আপ পাতওয়াই’ টিম। এই দল ইতিমধ্যেই চারটি গঙ্গা ঘাট পরিষ্কার করার পাশাপাশি এক টনের বেশি প্লাস্টিক বর্জ্য অপসারণ করেছে। অমরনাথ যাত্রার সময়ও তরুণদের এই পরিচ্ছন্নতা অভিযানের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
মহিলা ক্ষমতায়ন ও অন্যান্য বার্তা:
-
পিএম স্বনিধি যোজনা: এই প্রকল্পের প্রায় ৪৬ শতাংশ সুবিধাভোগী হলেন নারীরা। দেশজুড়ে প্রায় ৩৫ লক্ষ নারী এই যোজনার মাধ্যমে নিজেদের ব্যবসা প্রসারিত করছেন।
-
নশামুক্ত ভারত: যুবসমাজকে নেশার গ্রাস থেকে বাঁচাতে ‘নশামুক্ত যুব ফর বিকশিত ভারত’ অভিযান বর্তমানে দেশজুড়ে ব্যাপক গতি পেয়েছে।
-
ভোকাল ফর লোকাল: সামনেই বিশ্বকর্মা পুজো এবং দিওয়ালি আসায় দেশবাসীকে দেশীয় পণ্য বা ‘ভোকাল ফর লোকাল’ নীতি মেনে চলার বিশেষ আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।