মেডিকেল প্রবেশিকায় বিরাট বদল! NEET UG-এ কি তবে বছরে চারবার পরীক্ষার সুযোগ মিলবে?

মেডিকেল প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ NEET UG-এর নিয়মে আসতে চলেছে বড়সড় পরিবর্তন। ২০২৭ সালের নিট পরীক্ষাকে আরও শিক্ষার্থী-বান্ধব এবং স্বচ্ছ করতে শিক্ষা মন্ত্রক ও হাই পাওয়ার টাস্ক ফোর্সের মধ্যে আলোচনা তুঙ্গে। পরীক্ষার্থীদের মানসিক চাপ কমাতেই একাধিক যুগান্তকারী প্রস্তাব বিবেচনা করা হচ্ছে।
কী কী পরিবর্তনের প্রস্তাব রয়েছে?
-
বছরে চারবার পরীক্ষা: শিক্ষাবিদ ও রাজ্যসভার সাংসদ ড. অশোক কুমার মিত্তল প্রস্তাব দিয়েছেন যে, শিক্ষার্থীদের এক থেকে দেড় বছরের মধ্যে চারবার NEET পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া উচিত। এর মধ্যে ছাত্রছাত্রীদের সেরা স্কোরটিই ভর্তির জন্য গণ্য করা হবে।
-
কম্পিউটার বেসড টেস্ট (CBT): প্রথাগত পেন-পেপার পদ্ধতির পরিবর্তে জয়েন্ট এন্ট্রান্স (JEE)-এর মতো NEET পরীক্ষাও কম্পিউটার ভিত্তিক (CBT) মোডে করার কথা ভাবা হচ্ছে।
-
দ্বাদশ শ্রেণির নম্বরের গুরুত্ব: কেরিয়ার কাউন্সিলার আলোক বনসলের প্রস্তাব অনুযায়ী, শুধুমাত্র প্রবেশিকা নয়, মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার নম্বরকেও নির্দিষ্ট ওয়েটেজ দেওয়া হতে পারে। এর ফলে শিক্ষার্থীরা স্কুলের পড়াশোনার প্রতিও সমানভাবে মনোযোগী হবে।
বিশেষজ্ঞদের মতে, এই নিয়মগুলি বাস্তবায়িত হলে তিন ঘণ্টার একটি মাত্র পরীক্ষার ফলের ওপর শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্ভর করবে না, যা তাদের মানসিক চাপ অনেকাংশেই কমিয়ে দেবে।