জাতীয় ক্রীড়া বিল মানবে না বিসিসিআই? ওড়িশা ক্রিকেট সংস্থার নির্বাচন ঘিরে বিস্ফোরক অবস্থান বোর্ডের!

ভারতীয় ক্রিকেট বোর্ড কি ২০২৫ সালে পাশ হওয়া জাতীয় ক্রীড়া শাসন আইন (ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স অ্যাক্ট) মেনে চলবে? নাকি সুপ্রিম কোর্ট নিযুক্ত লোঢা কমিটির সুপারিশ করা সংশোধিত গঠনতন্ত্রই বহাল থাকবে? এই দড়িটানানিকে কেন্দ্র করে ভারতীয় ক্রিকেট প্রশাসন ফের এক বড়সড় ধোঁয়াশার মুখে পড়েছে। বিশেষ করে ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে হাইকোর্টের একটি রায় এই বিতর্ককে আরও উসকে দিয়েছে।

বোর্ডের স্পষ্ট অবস্থান:

সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের লিগ্যাল টিম এবং সচিব দেবজিৎ সাইকিয়ার জারি করা এফিডেভিটে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে, বোর্ডের নিজস্ব গঠনতন্ত্র মেনেই ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচন করতে হবে। বিসিসিআইয়ের সাফ কথা, ক্রিকেট সরাসরি ‘ডেজিগনেটেড স্পোর্টস’-এর আওতাভুক্ত নয় এবং জাতীয় স্পোর্টস বোর্ডের সমস্ত নিয়ম মানতে তারা প্রস্তুত নয়। লোঢা কমিটির নিয়ম অনুযায়ী, ওড়িশা ক্রিকেট সংস্থাতেও কোনো পদাধিকারী টানা দুটি মেয়াদকালের বেশি পদে থাকতে পারবেন না। সেই নিয়ম বজায় রাখতেই নির্বাচন জরুরি বলে মনে করছে বোর্ড।

কেন এই নিয়ে বিতর্ক?

এর আগে গত ডিসেম্বরে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল যে, রাজ্য সংস্থাগুলি চাইলে ২০২৬ সালের ডিসেম্বর মাস পর্যন্ত তাদের নির্বাচন স্থগিত রাখতে পারে। ওড়িশা ক্রিকেট সংস্থাও সেই সরকারি নিয়ম মেনে এগোতে চেয়েছিল। কিন্তু তাতে বাধা দেয় বিসিসিআই। বোর্ডের এক সিনিয়র আধিকারিকের মতে, সরকারি নিয়ম ও বোর্ডের গঠনতন্ত্রের এই অমিলের কারণে ক্রীড়া প্রশাসনে এক বিরাট ধোঁয়াশা তৈরি হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে, যার দিকে এখন নজর রয়েছে গোটা দেশের ক্রীড়ামহল।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *