“শুটিংয়ে ৯ ঘণ্টা দেরিতে আসায় গোবিন্দাকে চড় মেরেছিলেন অমরেশ পুরী?” দশক পার হতেই আসল সত্যিটা ফাঁস করলেন কে?

নব্বইয়ের দশকের বলিউড মানেই নানা রঙে মোড়া নস্টালজিয়া, যার অন্দরে লুকিয়ে রয়েছে অজস্র গসিপ আর মুখরোচক গল্প। তেমনই একটি বহুল চর্চিত ঘটনা হলো— শুটিংয়ে ৯ ঘণ্টা দেরিতে পৌঁছানোর কারণে নাকি কিংবদন্তি অভিনেতা অমরেশ পুরী কষিয়ে চড় মেরেছিলেন কমেডি কিং গোবিন্দাকে! ‘দো কয়েদি’ ছবির শুটিংয়ের সময় নাকি ঘটেছিল এই ধুন্ধুমার কাণ্ড। তবে দীর্ঘ বছর পর এই পুরনো গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন খোদ অমরেশ-পুত্র রাজীব পুরী।

কী বলছেন অমরেশ-পুত্র রাজীব পুরী? সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে রাজীব পুরী সাফ জানিয়ে দেন যে, এই ঘটনার বিন্দুমাত্র কোনো সত্যতা নেই। তাঁর মতে, তাঁর বাবা অমরেশ পুরী নিঃসন্দেহে অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ ও নিয়মানুবর্তী মানুষ ছিলেন, কিন্তু তাই বলে তিনি মেজাজ হারিয়ে কাউকে চড় মেরেছেন— এমনটা একেবারেই বিশ্বাসযোগ্য নয়। কেউ চরম মাত্রায় বিরক্ত না করলে অমরেশ পুরী সহজে নিজের নিয়ন্ত্রণ হারাতেন না বলেই দাবি তাঁর ছেলের।

তবে রাজীবের এও ধারণা, তাঁর বাবার কড়া ও নিয়মনিষ্ঠ স্বভাবের কথা জেনেই হয়তো পরবর্তীকালে গোবিন্দা অমরেশজির সঙ্গে কাজ করা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। কারণ শুটিংয়ে নিয়মিত দেরি করে আসার বদঅভ্যাস গোবিন্দার ছিল, যা অমরেশ পুরীর না-পসন্দ ছিল।

কী ছিল গোবিন্দার বক্তব্য? অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা দেরিতে সেটে পৌঁছানোর এই অভিযোগ নিয়ে অতীতে মুখ খুলেছিলেন স্বয়ং গোবিন্দাও। তাঁর দাবি ছিল, কেরিয়ারের শুরুর দিকে তিনি একসঙ্গে চার থেকে পাঁচটি শিফটে কাজ করতেন, যার ফলে অনেক সময়ই সময়ের মধ্যে সবকটি সেটে পৌঁছানো তাঁর পক্ষে অসম্ভব হয়ে উঠত। তবে অমরেশ পুরীর এই চড় মারার জল্পনা নিয়ে গোবিন্দা নিজে সরাসরি মুখ না খুললেও, বলিপাড়ার অন্দরে এই পুরনো বিতর্ক আজও সমানভাবে জনপ্রিয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *