“দাঁত তুলতে হলো, মুখে একাধিক সেলাই!” হঠাৎ কী হল জনপ্রিয় সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তীর?

রাখী উৎসবের আনন্দের মাঝেই সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ছবি পোস্ট করলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী, যা দেখে রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁর অনুরাগীরা। পর্দায় যাঁকে সবসময় নিখুঁত ও গ্ল্যামারাস লুকে দেখা যায়, সেই মিমিকেই এবার দেখা গেল বিছানায় শুয়ে থাকা এক্কেবারে অন্য এক অসুস্থ ও যন্ত্রণাদায়ক পরিস্থিতিতে।
ঠিক কী হয়েছে মিমির? মিমির প্রকাশ করা সাম্প্রতিক ছবিগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে, তাঁর গালের বেশ কিছুটা অংশ ফুলে রয়েছে। এমনকি মুখ ও ঠোঁটেও আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে। অভিনেত্রী নিজেই জানিয়েছেন যে, দাঁতের মারাত্মক সমস্যার কারণে তাঁকে একটি দাঁত জরুরি ভিত্তিতে তুলে ফেলতে হয়েছে। এর জেরে মুখে একাধিক সেলাইও পড়েছে। শুধু মুখই নয়, তাঁর শারীরিক অবস্থার আরও একটি করুণ ছবি প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে তাঁর পায়েও ব্যান্ডেজ বাঁধা রয়েছে এবং সেখানেও ফোলাভাব বেশ স্পষ্ট।
গ্ল্যামারের আড়ালে রূঢ় বাস্তবতা অসুস্থতার এই দিনগুলোতে মিমির সঙ্গী কেবল ওষুধপত্র, কফি কাপ এবং তাঁর প্রিয় পোষ্য সারমেয়। মেকআপহীন, অগোছালো চুলে নিজের এই বাস্তব রূপটি আড়াল না করে খোলামেলাভাবেই অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন তিনি। মিমির মতে, সোশ্যাল মিডিয়ায় আমরা সবসময় নিজেদের জীবনের কেবল সুন্দর দিকগুলোই তুলে ধরতে অভ্যস্ত। কিন্তু তারকাদের বাস্তব জীবনও যে সবসময় নিখুঁত বা মসৃণ হয় না, সেটাই যেন নিজের এই রূঢ় ও স্বাভাবিক ছবিগুলোর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন তিনি।
তবে এই চোট বা শারীরিক সমস্যা ঠিক কীভাবে ঘটল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী। মিমির এই আকস্মিক পোস্ট প্রকাশ্যে আসার পর থেকেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করে কমেন্ট বক্সে উপচে পড়ছে অনুরাগীদের শুভকামনা।