“মোদিবাবুর সাহায্য নিয়েও দেড় কোটি মহিলাকে দিতে পারছেন না!” বিজেপিকে কোন কড়া চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক?

তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস এবং রাখি বন্ধন উৎসবের মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যাথিড্রাল রোডের এই উদযাপনের মঞ্চ থেকে রাজ্যের জনকল্যাণমূলক প্রকল্প বনাম কেন্দ্রের ব্যর্থতা নিয়ে সরব হন তিনি।
লক্ষ্মীর ভাণ্ডার ও দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে তোপ এদিন নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্র সরকারকে নিশানা করেন অভিষেক। তিনি বলেন, গত অগস্ট মাসের ১ তারিখে যে চিনির দাম ছিল ৪০ টাকা, আজ তা বেড়ে হয়েছে ৭০ টাকা। পেঁয়াজ থেকে শুরু করে সর্ষের তেল ও পেট্রোল-ডিজেলের দাম আকাশছোঁয়া।
এর পাশাপাশি নারী সুরক্ষা ও সরকারি প্রকল্পের তুলনা টেনে তিনি বলেন, “সিঙ্গল ইঞ্জিন সরকার চালিয়ে আড়াই কোটি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়েছে। আর মোদিবাবু, শুভেন্দু অধিকারী— একদিকে কেন্দ্র, একদিকে রাজ্য, ডবল ইঞ্জিনের সরকার হয়েও মোদিবাবুর সাহায্য নিয়ে দেড় কোটি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারছে না।” বাংলার মানুষ দিদির ওয়ারেন্টিকেই বেছে নিয়েছে বলে দাবি করেন তিনি।
শুভেন্দু অধিকারীকে পাল্টা হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে অভিষেক ২০০৬ সালের রাজনৈতিক প্রেক্ষাপট টেনে এনে বলেন, “বুদ্ধদেব ভট্টাচার্য ২০০৬ সালে কলকাতা থেকে বলেছিলেন, ‘আমরা ২৩৫, ওরা ৩০’। বাকি ৫ বছরে সিপিএমকে জীবাশ্ম করে দিয়েছিল বাংলার মানুষ। আপনাদের শেষের শুরু হয়ে গিয়েছে। আগামী ৫ বছর পর দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না।” গণতন্ত্রে সাধারণ খেটে খাওয়া মানুষই শেষ কথা বলে মন্তব্য করেন তিনি।