“উনি আমার ভাই নন, বয়ফ্রেন্ড!” জগন্নাথ দেবকে কেন রাখি পরান না ইন্দ্রাণী হালদার? অকপট অভিনেত্রী

রাখি বন্ধন উৎসবের আনন্দ ও বিষাদের মিশ্র অনুভূতিতে মেতে উঠলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। নিজের নিউ আলিপুরের বাড়িতে ঘরোয়াভাবে পালন করলেন ভাই-বোনের পবিত্র এই উৎসব। তবে এই আনন্দের মাঝেও তাঁর মনে বেজে চলেছে হারানোর সুর। ২০১৯ সালে নিজের ভাই ইন্দ্রনীল হালদারকে চিরকালের মতো হারিয়েছেন তিনি। তাই প্রতি বছর রাখির দিনটা এলেই মন ভারাক্রান্ত হয়ে ওঠে অভিনেত্রীর।

তবে সমস্ত কষ্ট আর চোখের জল আড়াল করে সমাজের নানাস্তরের মানুষকে নিয়ে রাখি উৎসবে মেতে ওঠেন তিনি। প্রথমে নিজের পোষ্য ‘জেসি’ (যাকে নিজের বোন মনে করেন)-র হাতে রাখি পরানোর মাধ্যমে শুরু হয় উৎসব। এরপর একে একে বাড়ির কাছের মানুষ, প্রমীলা বাহিনী এবং সংবাদমাধ্যমের কর্মীদের হাতেও রাখি বাঁধেন অভিনেত্রী।

জগন্নাথ দেবকে নিয়ে অকপট ইন্দ্রাণী উৎসবের শুরুতে জগন্নাথ দেবের পুজো করে দিনটি শুরু করেন অভিনেত্রী। তবে ভগবানকে রাখি পরানোর প্রসঙ্গে এক মিষ্টি মন্তব্য করে তিনি জানান, “আমি জগন্নাথকে কখনও রাখি বাঁধি না। রাখিটা তাঁর সামনে রেখে দিই। আসলে উনি তো আমার ভাই নয়, বয়ফ্রেন্ড!”

ভাইয়ের স্মৃতি ও শৈশবের ‘লুচি কেস’ ভাইয়ের কথা স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েন ইন্দ্রাণী। তিনি জানান, রাখির দিনটা সবসময়ই তাঁর শুরু হয় চোখের জলের সঙ্গে। দিদির অপেক্ষায় হাঁ করে বসে থাকা সেই ভাইকে হারানোর যন্ত্রণা আজও তাড়া করে বেড়ায় তাঁকে। তবে সেই শূন্যতা কিছুটা হলেও লাঘব করেন তাঁর পশ্চিমবাংলার অন্য ভাইয়েরা ও মিডিয়ার বন্ধুরা।

পাশাপাশি স্মৃতিচারণা করতে গিয়ে নিজের মেয়েবেলার এক মজার ঘটনার কথা শেয়ার করেন অভিনেত্রী। জানান, একসময় এক তরুণ তাঁকে পছন্দ করলেও মুখে বলতে পারেননি। পরবর্তীকালে অভিনেত্রীর বিয়েতে এসে তিনি নিজে হাতে লুচি সার্ভ করেছিলেন! ইন্দ্রাণীর বাবা মজার ছলে এই ঘটনার নাম দিয়েছিলেন ‘লুচি কেস’।

এদিনের এই রাখি উৎসবে উপস্থিত ছিলেন প্রখ্যাত বিউটিশয়ান শর্মিলা সিং ফ্লোরাসহ আরও অনেকে, যাঁদের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বের বন্ধন এবারও অটুট রাখলেন অভিনেত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *