নেপালে ৫ গুণ বড় জলোচ্ছ্বাসের চরম অ্যালার্ট! আর মাত্র ২০ মিনিট সময়, কী পরিস্থিতি?

প্রাকৃতিক তাণ্ডবের ক্ষত না শুকাতেই নতুন করে মহাপ্রলয়ের মুখোমুখি নেপাল। চিনের জলসম্পদ মন্ত্রক ও প্রশাসনিক সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, চোচেন খোলা এবং পুরেপু সাংপো নদীর সঙ্গমস্থলে তৈরি হওয়া প্রতিবন্ধক হ্রদের জলস্তর ইতিমধ্যেই বিপদসীমা ছাড়িয়েছে। বিজ্ঞানীদের আশঙ্কা, বর্তমান পরিস্থিতির তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি শক্তিশালী জলোচ্ছ্বাস আছড়ে পড়তে পারে। এর জেরে নুয়াকোটের ধুবড়ি বাজার সহ বিস্তীর্ণ এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পরিস্থিতির আকস্মিক অবনতিতে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে জনবসতি খালি করার কাজ। নদীতীরে মাইকিং করে সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিচ্ছে প্রশাসন। স্থানীয় সূত্রে খবর, আগামী ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে নতুন করে এই জলোচ্ছ্বাস নুয়াকোটের প্রান্তিক এলাকায় পৌঁছে যেতে পারে। বাঁধ উপচে পড়া জল এবং হিমবাহের অংশ এখনও ভাঙতে থাকায় উদ্ধারকাজ সাময়িক বন্ধ রাখতে বাধ্য হয়েছেন উদ্ধারকর্মীরা।
এরই মধ্যে পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে তিব্বত সীমান্তবর্তী চিনের সিচুয়ান প্রদেশে আঘাত হানা রিখটার স্কেলে ৫.১ মাত্রার একটি ভূমিকম্প। তিব্বতের একটি বাঁধে নতুন করে বিস্ফোরণ ঘটার আশঙ্কা প্রকাশ করে নেপাল পুলিশ ও প্রশাসন হাই অ্যালার্ট জারি করেছে। বিপর্যয় মোকাবিলা দল ও সাধারণ মানুষকে অবিলম্বে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ের জেরে মানচিত্র থেকে মুছে যাওয়ার উপক্রম হয়েছে এই পাহাড়ি দেশের।